ছুটি কাটাতে গিয়েও সাত মাসের ছেলের হাতে বই, নেটিজেনদের চোখে কড়া মা ক্যাটরিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সবসময়ই নিজেদের ব্যক্তিগত জীবন লাইমলাইটের আড়ালে রাখতে পছন্দ করেন। গত নভেম্বর মাসে তাঁদের জীবনে এসেছে প্রথম সন্তান বিহান। মা-বাবা হওয়ার পর জীবনের এই নতুন ইনিংসটি যে তাঁরা দারুণ উপভোগ করছেন, তার প্রমাণ মিলল অভিনেত্রীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে। স্বামী ও সন্তানকে নিয়ে প্রথমবার বিদেশে ছুটি কাটাতে গিয়েও একরত্তির হাতে বই তুলে দিয়ে খবরের শিরোনামে এলেন ক্যাটরিনা কাইফ।
ছুটির মেজাজে পারিবারিক মুহূর্ত
বাবা হওয়ার পর এটিই ছিল ভিকি কৌশলের প্রথম জন্মদিন। সেই বিশেষ দিনটিকে উদযাপনের জন্য স্বামীকে নিয়ে একটি সারপ্রাইজ ট্যুরে উড়ে যান ক্যাটরিনা। মে মাস যাপনের সেই মিষ্টি মুহূর্তগুলোর একটি ফটো অ্যালবাম সোমবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে কখনও ভিকিকে পিকনিক মুডে দেখা গেছে, আবার কখনও ধরা পড়েছে এই তারকা দম্পতির রোম্যান্টিক রসায়ন। তবে সবকিছুর মাঝে নেটিজেনদের নজর কেড়েছে সাত মাসের ছোট্ট বিহানের নরম তুলতুলে হাতের একটি ছবি, যেখানে মা ক্যাটরিনার সঙ্গে তার হাতে ধরা রয়েছে ‘গজপতি কুলাপতি’ নামের একটি গল্পের বই।
কড়া মা ক্যাটরিনা ও ভক্তদের কৌতুহল
ছুটি কাটাতে গিয়েও এত ছোট সন্তানের হাতে বই তুলে দেওয়ার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই শোরগোল পড়ে গেছে। ভক্তদের অনেকেই কৌতূহল প্রকাশ করে মন্তব্য করেছেন, ক্যাটরিনা কি আদতেই ভীষণ কড়া মা, যিনি ছুটির দিনেও ছেলের পড়াশোনা বা বই পড়ার অভ্যাস নিয়ে আপস করতে রাজি নন? তবে কড়া শাসন নাকি শুধুই আদুরে অভ্যাস, তা নিয়ে চর্চা চললেও এই মিষ্টি পারিবারিক মুহূর্তটি ভক্তদের মন জয় করে নিয়েছে। গন্তব্যের নাম প্রকাশ না করলেও ক্যাটরিনা জানিয়েছেন, এই সফরে তাঁর খাওয়া সেরা হট চকোলেটের সন্ধানও পেয়েছেন তিনি।