মেটানো হলো দীর্ঘদিনের খোভ, শুভেন্দু মন্ত্রিসভায় উত্তরবঙ্গের রেকর্ড ৯ সদস্য

মেটানো হলো দীর্ঘদিনের খোভ, শুভেন্দু মন্ত্রিসভায় উত্তরবঙ্গের রেকর্ড ৯ সদস্য

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা করে সোমবার সম্প্রসারিত হলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। লোকভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে নতুন ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করেন। তবে এই সম্প্রসারণের সবচেয়ে বড় চমক উত্তরবঙ্গ। দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগের অবসান ঘটিয়ে এই প্রথম উত্তরবঙ্গ থেকে একসঙ্গে ৯ জন বিধায়ক ক্যাবিনেটে জায়গা পেলেন, যার মধ্যে ৪ জন পেয়েছেন পূর্ণমন্ত্রীর দায়িত্ব। বাম কিংবা তৃণমূল জমানার রেকর্ড ভেঙে এই বিপুল প্রতিনিধিত্বে এখন খুশির হাওয়া উত্তরের পাহাড় ও সমতলে।

রাজনৈতিক সমীকরণ ও জনবিন্যাসে ভারসাম্য

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের এই বিপুল প্রাপ্তির পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল ও জনবিন্যাসের অঙ্ক। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। বিগত নির্বাচনগুলোতে এই অঞ্চলের ৫৪টি আসনের মধ্যে ৪০টি আসনই বিজেপির ঝুলিতে গিয়েছিল। মূলত রাজবংশী, কামতাপুরি এবং চা বলয়ের আদিবাসী ও নেপালি ভোটব্যাংককে ধরে রাখতেই সুপরিকল্পিতভাবে মন্ত্রীত্ব বণ্টন করা হয়েছে। সমীকরণ মেনে ৪ জন রাজবংশী বিধায়ককে মন্ত্রিসভায় আনা হয়েছে, যাদের মধ্যে ২ জন পূর্ণমন্ত্রী। একই সাথে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চা বলয়ের আদিবাসী ও নেপালি সম্প্রদায়কেও।

উন্নয়নের আশা বনাম তিন জেলার আক্ষেপ

এই নতুন বিন্যাসের ফলে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। আলিপুরদুয়ারের পাঁচটি আসনের সবকটিতে জেতার পুরস্কার হিসেবে জেলাটি একাই তিনজন মন্ত্রী পেয়েছে। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মন শপথ নেওয়ার পর গেরুয়া শিবিরে খুশির জোয়ার দেখা গেছে। তবে এই বিপুল প্রাপ্তির মাঝেও ব্রাত্য রয়ে গেছে কালিম্পং পাহাড়, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলা। সবকটি আসনে জয় পাওয়া সত্ত্বেও জলপাইগুড়ি বা দক্ষিণ দিনাজপুরের কোনো বিধায়ককে স্থান না দেওয়া নিয়ে কিছুটা খোভ তৈরি হলেও, সামগ্রিকভাবে এই পদক্ষেপের ফলে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা মিটবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *