কথা রাখল নতুন সরকার, বুধবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

তারকেশ্বরে বাবা তারকনাথের চরণে মাথা ঠেকিয়ে বাংলার মা-বোনেদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মিলিয়ে আগামী বুধবার থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। গত সপ্তাহে এই প্রকল্পের ফর্ম প্রকাশের পর অত্যন্ত দ্রুততার সঙ্গে উপভোক্তাদের হাতে প্রতি মাসে ৩০০০ টাকা পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। একই সঙ্গে অফলাইনের পাশাপাশি এখন থেকে অনলাইনেও এই প্রকল্পের ফর্ম পূরণ করা যাবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
আর্থিক নিরাপত্তা ও স্বচ্ছতার বার্তা
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই সঠিক উপায়ে ফর্ম পূরণ করেছেন, তাঁরা প্রত্যেকেই এই সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আর্থিক স্বচ্ছতার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। সরকারের লক্ষ্য, প্রকৃত প্রাপকদের কাছে যেন এই অনুদান পৌঁছায় এবং কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, যাচাইকরণের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও যোগ্য কোনো মহিলাই এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এমনকি যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে পারেননি, তাঁদের অ্যাকাউন্টে আগের নিয়মেই টাকা পৌঁছাবে।
ভুয়ো অ্যাকাউন্ট ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ
প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি পূর্বতন ব্যবস্থার অনিয়ম দূর করতে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান রাজ্য সরকার। তদন্তে বিপুল সংখ্যক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মেলায় ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। অভিযোগ উঠেছে, অতীতে ভুয়ো নথির সাহায্যে কোটি কোটি টাকার সরকারি অনুদান আত্মসাৎ করা হয়েছে। এই চক্রের মূল উপাটন করতে প্রশাসন গ্রাসরুট স্তর থেকে আইনি পদক্ষেপ শুরু করেছে। সরকারি তহবিলের অপচয় রুখতে এবং অনুপ্রবেশকারীদের এই সুবিধা থেকে দূরে রাখতে কঠোর স্ক্রিনিং ও আর্থিক তছরুপের মামলা দায়ের করার প্রক্রিয়াও শুরু হয়েছে।