বক্স অফিসে কাঁপন ধরাচ্ছে মাত্র ৭ কোটির এক খুদে হরর ছবি!

মাইকেল, প্রজেক্ট হেইল মেরি কিংবা দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভির মতো একের পর এক বিগ বাজেটের সিনেমা যখন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক তখনই হলিউডে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল এক স্বল্প বাজেটের ছবি। বড় বড় তারকা আর বিপুল খরচের ছবিগুলোকে রীতিমতো টেক্কা দিয়ে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ইন্ডি হরর থ্রিলার ‘অবসেশন’। মাত্র ১ মিলিয়ন ডলার বা প্রায় ৭ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে তার খরচের চেয়ে ১০০ গুণেরও বেশি আয় করার দোরগোড়ায় পৌঁছে গেছে। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে লাভজনক সিনেমার তকমা পেতে চলেছে।
চমক জাগানো সাফল্যের নেপথ্য কারণ
২৬ বছর বয়সী তরুণ পরিচালক ও প্রাক্তন ইউটিউবার কারি বার্কারের পরিচালনায় তৈরি এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জনস্টন এবং ইন্ডি নাভারেত। গত ১৫ মে আমেরিকার প্রেক্ষাগৃহে যখন ছবিটি মুক্তি পায়, তখন থিয়েটারে মর্টাল কম্ব্যাট ২ বা দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু-র মতো বড় বাজেটের ছবি চলছিল। কিন্তু দর্শকদের প্রথম পছন্দ হয়ে ওঠে এই হরর ছবিটিই। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১৭.২০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি চমক তৈরি করে, যা স্টুডিওর ধারণার চেয়েও দ্বিগুণের বেশি ছিল। শুধু সাধারণ দর্শকই নন, সমালোচকদের মনও জয় করেছে ছবিটি। রটেন টম্যাটোসে ২১৯টি রিভিউয়ের ভিত্তিতে এর ক্রিটিক স্কোর চমৎকার ৯৫ শতাংশ এবং আইএমডিবি-তে এর রেটিং ৮.২, যা হরর ঘরানার চলচ্চিত্রের ক্ষেত্রে অত্যন্ত বিরল ও প্রতিশ্রুতিমান।
বক্স অফিসে নতুন রেকর্ডের প্রভাব
যে ছবি বানাতে খরচ হয়েছে মাত্র ৭.৫০ লাখ ডলার, সেটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে রেকর্ড গড়ে ৮০ মিলিয়ন ডলার তুলে নিয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই ছবিটির আয় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১০০০ কোটি টাকার মাইলফলক পার করে যাবে। গত ১৭ বছরে ১ মিলিয়ন ডলারের মতো কম বাজেটের কোনো ছবি এভাবে বক্স অফিসের শীর্ষে জায়গা করে নিতে পারেনি। এর আগে ২০০৯ সালে ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ এমন নজির গড়েছিল। ‘অবসেশন’-এর এই অভাবনীয় সাফল্য প্রমাণ করছে যে, বড় তারকা বা বিপুল বাজেট ছাড়াই শুধুমাত্র শক্তিশালী কনটেন্ট ও সুনিপুণ পরিচালনার জোরে বিশ্ব বাজারে রেকর্ড ব্যবসা করা সম্ভব। আমেরিকার পর গত ২৯ মে ভারতের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে এই ছবি, যা বিশ্বজুড়ে এর আয়ের গ্রাফকে আরও উর্ধমুখী করবে বলে মনে করা হচ্ছে।