মোথাবাড়ি কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ (NIA)

মোথাবাড়ি কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ (NIA)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদার মোথাবাড়িতে এসআইআর (SIR) বা ভূমি সমীক্ষার কাজে নিযুক্ত থাকা বিচারকদের আটকে রাখা এবং তাঁদের ওপর দলবদ্ধ হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এই চাঞ্চল্যকর ঘটনার জল গড়িয়েছিল আদালতে। মোথাবাড়ি কাণ্ডে রুজু হওয়া মোট ১২টি মামলার মধ্যে প্রথম দফার ৪টি মামলায় মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে (City Sessions Court) চার্জশিট পেশ করল এনআইএ আধিকারিকেরা।

চার্জশিটে মোফাক্কেরুল ইসলাম ও একরামুল বাদনানির নাম

আদালত সূত্রে জানা গিয়েছে, এনআইএ-এর পেশ করা এই প্রথম দফার ৪টি চার্জশিটের মধ্যে ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলামের। এলাকায় চরম হিংসা ছড়ানো ও সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগে আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এর পাশাপাশি মোথাবাড়ি কাণ্ডের অন‍্যতম মূল অন‍্যতম ষড়যন্ত্রকারী ও মূল অভিযুক্ত একরামুল বাদনানির নামও এনআইএ-এর এই চার্জশিটে যুক্ত করা হয়েছে।

বিচারকদের ওপর হামলার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য

উল্লেখ্য, মালদার মোথাবাড়িতে সরকারি নির্দেশে জমি সমীক্ষার কাজ করতে গিয়েছিলেন বিচারকেরা। সেই সময়েই তাঁদের ঘেরাও করে আটকে রাখা হয় এবং তাঁদের ওপর চড়াও হয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিচার বিভাগের আধিকারিকদের ওপর এমন প্রকাশ্য হামলায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পরবর্তীতে তদন্তের ভার নেয় এনআইএ। বাকি ৮টি মামলার তদন্তও দ্রুত শেষ করে কেন্দ্রীয় সংস্থাটি পরবর্তী চার্জশিট পেশ করবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *