স্বর্ণালী আভা আর আবেগের মহাকাব্য, কত দাম ফুটবল বিশ্বকাপ ট্রফির?

স্বর্ণালী আভা আর আবেগের মহাকাব্য, কত দাম ফুটবল বিশ্বকাপ ট্রফির?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এবারের আসরে ৪৮টি দেশ অংশ নেওয়ায় বিশ্বজুড়ে উত্তেজনা অন্য মাত্রা পেয়েছে। কোটি কোটি মানুষের স্বপ্ন ছোঁয়া এই সোনালি ট্রফিটির পেছনে জড়িয়ে রয়েছে বিপুল অর্থ ও অবিশ্বাস্য ইতিহাস।

৬ কেজি সোনা ও অনন্য নকশার মেলবন্ধন

বর্তমান বিশ্বকাপ ট্রফিটির উচ্চতা ৩৭ সেন্টিমিটার এবং ব্যাস ১৩ সেন্টিমিটার। এতে ১৮ ক্যারেটের মোট ৬,১৭৫ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে, যা প্রায় ৬১৭ ভরি ৫ গ্রামের সমান। তবে ট্রফিটি সম্পূর্ণ নিরেট সোনা দিয়ে তৈরি নয়; খেলোয়াড়দের বহন করার সুবিধার্থে এর ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে। ইটালির বিখ্যাত শিল্পী সিলভিও গাজানিগার নকশা করা এই ট্রফিতে দেখা যায়, দু’জন মানবমূর্তি মাথার ওপরে বিশ্বকে তুলে ধরেছে—যা ফুটবলের বিশ্বজনীন আবেগকে প্রকাশ করে। ট্রফির সৌন্দর্য বাড়াতে এর নিচের অংশে সবুজ রঙের মূল্যবান খনিজ ম্যালাকাইটের দু’টি স্তর ব্যবহার করা হয়েছে।

বাজারদর বনাম ঐতিহাসিক মূল্য

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের করে নেওয়ার পর এই নতুন ট্রফির প্রচলন হয়। ট্রফিতে ব্যবহৃত সোনা ও উপকরণের বর্তমান বাজারদর প্রায় আড়াই লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৭ লক্ষ টাকা)। তবে ঐতিহাসিক গুরুত্ব ও শৈল্পিক কারুকাজের কারণে এর প্রকৃত মূল্য নির্ধারণ আসাম্ভব। বিশেষজ্ঞদের মতে, এই ট্রফি কখনো নিলামে উঠলে তার মূল্য ২ কোটি মার্কিন ডলার বা তার চেয়েও বেশি ছাড়িয়ে যেতে পারে। বিশ্বজয়ের প্রতীক এই ট্রফিটি তাই কেবল মূল্যবান ধাতুর টুকরো নয়, বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি আবেগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *