ভারতে ৩ লাখ কোটি টাকার মেগা বিনিয়োগ, মোদীর সঙ্গে বৈঠকে আলোড়ন ফেললেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন খুদা

ভারতে ৩ লাখ কোটি টাকার মেগা বিনিয়োগ, মোদীর সঙ্গে বৈঠকে আলোড়ন ফেললেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন খুদা

ভারতের প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো খাতে এক ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর অস্ট্রেলিয়াভিত্তিক শীর্ষস্থানীয় ডেটা সেন্টার সংস্থা ‘এয়ারট্রাঙ্ক’ ভারতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই মেগা বিনিয়োগের নেপথ্যে রয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিইও রবিন খুদা, যিনি জন্মসূত্রে একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার উদ্যোক্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পদক্ষেপকে ভারতের ডিজিটাল কাঠামোর ইতিহাসে অন্যতম বৃহত্তম বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন।

ডিজিটাল ভারতের রূপান্তরে বড় মাইলফলক

এই বিশাল বিনিয়োগের আওতায় এয়ারট্রাঙ্ক ভারতে ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তুলবে। এই উদ্যোগের ফলে দেশীয় স্তরে ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির এক অভূতপূর্ব বিকাশ ঘটবে। প্রধানমন্ত্রী মোদীর মতে, এই প্রকল্প বৈশ্বিক প্রযুক্তির বাজারে ভারতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। একই সঙ্গে এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সাপ্লাই চেইনের ক্ষমতায়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, ভারতে কার্যক্রম বিস্তারের লক্ষ্যে রবিন খুদা ইতিমেধ্যেই মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মন্ত্রীদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন।

রবিন খুদার উত্থান ও এয়ারট্রাঙ্কের সাফল্য

রবিন খুদার জন্ম বাংলাদেশে এবং তাঁর প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে ঢাকার শের-ই-বাংলা নগর গভর্নমেন্ট বয়েজ স্কুল ও হারম্যান মেইনার কলেজে। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার পর তিনি ব্রিটেনের ম্য়াঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ফুজিৎসু এবং নেক্সটডিসির মতো বৈশ্বিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি করপোরেট জগতে নিজের দক্ষতা প্রমাণ করেন।

২০১৫ সালে রবিন খুদা এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল বড় প্রযুক্তি সংস্থাগুলোর জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ক্লাউড স্টোরেজ তৈরি করা। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এই সংস্থার ১১টি ডেটা সেন্টার রয়েছে। ২০২৪ সালের শেষের দিকে ব্ল্যাকস্টোন ও সিপিপি ইনভেস্টমেন্টসের মতো বৈশ্বিক বিনিয়োগকারী সংস্থা এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করলেও রবিন খুদা এখনো এর সিইও পদে বহাল আছেন। প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই সংস্থার প্রধান রবিন খুদা বর্তমানে অস্ট্রেলিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় ১০৯তম স্থানে রয়েছেন। এই মেগা বিনিয়োগের মাধ্যমে ভারতের দ্রুত বর্ধনশীল ডিজিটাল বাজারে এয়ারট্রাঙ্ক নিজেদের অবস্থান আরও মজবুত করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *