১৬ বছরের প্রতীক্ষার অবসান কি এবার, বরানগর-ব্যারাকপুর মেট্রো নিয়ে রেলমন্ত্রীকে বার্তা কৌস্তভের

১৬ বছরের প্রতীক্ষার অবসান কি এবার, বরানগর-বারাকপুর মেট্রো নিয়ে রেলমন্ত্রীকে বার্তা কৌস্তভের

প্রায় ১৬ বছর আগে ঘোষিত বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের স্বপ্ন এখনও অধরা ব্যারাকপুরবাসীর কাছে। বিগত সরকারের আমলের জটিলতায় বারবার থমকে যাওয়া এই প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে এবার সক্রিয় ভূমিকা নিলেন বিধায়ক কৌস্তভ বাগচি। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে যেমন প্রকল্পের জমি সংক্রান্ত জট কাটানোর আর্জি জানিয়েছেন তিনি, তেমনই লিখিতভাবেও প্রকল্পের দ্রুত অগ্রগতির দাবি জানিয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি রেলমন্ত্রীকে লেখা চিঠিতে এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি নিয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এই বিধায়ক।

স্টেশন আধুনিকীকরণ ও হকারদের পুনর্বাসনের দাবি

শুধু মেট্রো সম্প্রসারণই নয়, ব্যারাকপুর স্টেশনের পরিকাঠামোগত আমূল পরিবর্তনের জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন কৌস্তভ বাগচি। স্টেশনটিকে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় এনে আধুনিক করার পাশাপাশি ১৪ নম্বর রেলগেটে যানজট কমাতে আন্ডারপাস বা ওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। এছাড়া দূরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়ানো, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, এসকেলেটর স্থাপন এবং যাত্রী পরিসেবা উন্নয়নের মতো বিষয়গুলোকেও চিঠিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পের প্রয়োজনে স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদের বিষয়েও মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার আর্জি জানিয়েছেন বিধায়ক। উচ্ছেদের বদলে তাঁদের সুনির্দিষ্ট পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি রেলমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও যাত্রীদুর্ভোগ লাঘবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিধায়ক কৌস্তভ বাগচি। দীর্ঘদিনের এই ঝুলে থাকা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তা উত্তর ২৪ পরগনার পরিবহন ব্যবস্থায় এক নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *