বাংলাদেশ ফিরিয়ে না নিলে ভারত কী করবে! অনুপ্রবেশ ইস্যুতে সরব বিজেপি বিধায়ক

বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ ঘিরে ফের উত্তেজনা। শুক্রবার মেখলিগঞ্জে অনুপ্রবেশের দুটি পৃথক চেষ্টা কড়া হাতে রুখে দিয়েছে বিএসএফ। এই আবহে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক দধিরাম রায়। সেখানে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি বিএসএফের
সীমান্ত পরিদর্শনের পর বিজেপি বিধায়ক বলেন যে, মহানদী সীমান্ত চৌকির কাছে ১০ জন বাংলাদেশিকে ভারতীয় ভূখণ্ডে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিএসএফ এবং পুলিশের কড়া নজরদারির কারণে কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে পারবে না। তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশ যদি নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার করে, তবে ভারতের কী করণীয়?
জিরো পয়েন্টে আটকে নারী ও শিশুসহ ১০ জন
রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালে জলশালা এলাকার ১৩৪ নম্বর সীমান্ত পিলারের কাছে কয়েকজন বাংলাদেশিকে জিরো পয়েন্টে জড়ো হতে দেখা যায়। অভিযোগ ওঠে, বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬১ নম্বর ব্যাটালিয়ন ওই ব্যক্তিদের ভারতে ঢোকানোর চেষ্টা করছিল। কিন্তু বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের আটকে বৈধ নথি দেখতে চান।
কীভাবে সীমান্তে পৌঁছল ওই বাংলাদেশিরা
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গী এলাকা থেকে একটি গাড়িতে করে ওই ১০ জনকে সীমান্তে আনা হয়েছিল। তাঁদের কাছে ভারতীয় নাগরিকত্ব বা ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকায় বিএসএফ তাঁদের আটকে দেয়। এরপর থেকেই নারী ও শিশুসহ ওই ১০ জন জিরো পয়েন্টেই অবস্থান করছেন।