সবেতো শুরু! ম্যারাথন জেরার মুখে শওকত, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে নেপথ্যে আর কে? রাঘববোয়ালদের খোঁজে মরিয়া গোয়েন্দারা

সবেতো শুরু! ম্যারাথন জেরার মুখে শওকত, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে নেপথ্যে আর কে? রাঘববোয়ালদের খোঁজে মরিয়া গোয়েন্দারা

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলার তদন্তে এবার নয়া মোড়। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার পর জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র (NIA) আধিকারিকরা ম্যারাথন জেরা শুরু করেছেন। তদন্তকারীদের স্পষ্ট দাবি, শওকতকে জেরা করলেই এই বিস্ফোরণের নেপথ্যে থাকা অন্যান্য রাঘববোয়ালদের নামও প্রকাশ্যে আসবে।

রাঘববোয়ালদের খোঁজে মরিয়া গোয়েন্দারা

আদালতে পেশ করার সময় কেন্দ্রীয় গোয়েন্দারা স্পষ্ট জানিয়েছেন যে, ভাঙড়ে বোমা বিস্ফোরণের অন্যতম মূল চক্রী শওকত মোল্লাই। তবে তিনি একা নন, এই ঘটনার পেছনে আরও বড় কোনো প্রভাবশালী মাথার হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এনআইএ মনে করছে, শওকতের মাধ্যমে সেই বড় মাথাদের কাছে পৌঁছানো সম্ভব। তদন্তকারীদের কথায়, কান টানলেই মাথা আসবে। এখন দেখার বিষয়, ম্যারাথন জেরার মুখে ভেঙে পড়ে প্রাক্তন বিধায়ক কাদের নাম ফাঁস করেন।

ডিজিটাল প্রমাণে লুকিয়ে আসল সত্য

এনআইএ-র দাবি, বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট করতে এবং অন্যান্য অভিযুক্তদের আড়াল করতে শওকত নিজে কলকাঠি নেড়েছিলেন। তাঁর কাছ থেকে ইতিমধ্যেই একাধিক মোবাইল ফোন এবং পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। আদালত সেগুলির ফরেনসিক পরীক্ষার অনুমতিও দিয়েছে। গোয়েন্দাদের আশা, এই ডিজিটাল ডিভাইসগুলো থেকে উদ্ধার হওয়া চ্যাট হিস্ট্রি এবং কল রেকর্ড ঘেঁটে এই চক্রের বাকি মাথাদের পরিচয় খুব সহজেই জানা যাবে।

তদন্তের জালে আরও হেভিওয়েট

শওকতের ১৪ দিনের এনআইএ হেফাজতের খবরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একসময় দাপুটে নেতা হিসেবে পরিচিত শওকতের এই পরিণতি দেখে রাজনৈতিক মহলের অন্দরমহলেও আতঙ্ক ছড়িয়েছে। ওয়াকিবহাল মহলের নজর এখন এনআইএ-র পরবর্তী পদক্ষেপের দিকে, দেখার বিষয় তদন্তের জাল গুটিয়ে এলে আরও কোনো হেভিওয়েট নেতার নাম এই বিস্ফোরণ কাণ্ডে জড়ায় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *