৩ মাসেই রাজনীতিতে মোহভঙ্গ! তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন কোয়েল মল্লিক

রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার বড়সড় চমক। মাত্র তিন মাস আগেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু এবার সেই সাংসদ পদ থেকেই তিনি ইস্তফা দিতে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ইস্তফাপত্র জমা দিতেই ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী।
জানুয়ারিতে বৈঠক ও এপ্রিলে সাংসদ
চলতি বছরের জানুয়ারিতে আচমকাই প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রঞ্জিত মল্লিকের পাশাপাশি মেয়ে কোয়েলের সঙ্গেও তাঁর দীর্ঘ আলোচনা হয়। এরপরই গত এপ্রিলে তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন কোয়েল।
পালাবদলের জেরেই কি আচমকা বিদায়?
সাংসদ হওয়ার মাত্র তিন মাসের মাথাতেই রাজনীতি থেকে তাঁর এই আচমকা বিদায় নেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর যে উথালপাতাল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই কোয়েল মল্লিকের এই দ্রুত মোহভঙ্গ এবং রাজনীতিকে পাকাপাকিভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।