বিরিয়ানির বদলে যৌন সুবিধে! নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে জনরোষে কমেডিয়ান

বিরিয়ানির বদলে যৌন সুবিধে! নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে জনরোষে কমেডিয়ান

স্ট্যান্ড-আপ কমেডির নামে নারীদের নিয়ে কুরুচিকর ও যৌনগন্ধী মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ইউটিউবার হিমাংশু জাংরা এবং জনপ্রিয় কমেডিয়ান প্রণীত মোর। প্রণীতের শোয়ে অতিথি হিসেবে এসে হিমাংশু নারীদের ডেটিং সংস্কৃতি ও আর্থিক স্বনির্ভরতাকে কটাক্ষ করে অত্যন্ত নিম্নমানের যে মন্তব্য করেছেন, তা সভ্য সমাজকে হতবাক করেছে। এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে প্রতিবাদের ঝড় এবং হাতেনাতে এর চরম মূল্যও চোকাতে হয়েছে ওই ইউটিউবারকে।

স্ট্যান্ড-আপ কমেডির আড়ালে নারীবিদ্বেষ

ভাইরাল হওয়া একটি ভিডিওতে গুরুগ্রামের বাসিন্দা হিমাংশুকে দাবি করতে শোনা যায়, অনেক মহিলাই নাকি ‘৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি’র বিনিময়ে পুরুষদের সঙ্গে রাত কাটান। নিজের একটি ডেটিংয়ের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, রাতে বিরিয়ানি খাওয়ার পর ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি পালটা সঙ্গমের ইঙ্গিত দেন। হিমাংশুর নির্লজ্জ যুক্তি ছিল, খাবারের জন্য খরচ হওয়া ৩৭০ টাকা তিনি এভাবেই ‘উসুল’ করতে চেয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো, কমেডিয়ান প্রণীত মোর নিজের শোয়ে এহেন কদর্য মন্তব্যে বাধা দেওয়ার বদলে রীতিমতো ইন্ধন জুগিয়েছেন এবং হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন।

চাকরি হারালেন হিমাংশু, কোণঠাসা প্রণীত

এই নারীবিদ্বেষী মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এলভিশ যাদব, কুশা কপিলা, উরফি জাভেদ এবং ইরফান খানের স্ত্রী সুতপা সিকদারের মতো তারকারা প্রকাশ্যে এর কড়া সমালোচনা করেছেন। ঘটনার সরাসরি প্রভাব পড়েছে হিমাংশুর পেশাগত জীবনে। নারীদের চরম অপমান করার দায়ে ‘স্টারভিক ডিজাইন’ নামের একটি সংস্থা থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে, প্রবল জনরোষের মুখে পড়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল নিষ্ক্রিয় করে দিতে বাধ্য হয়েছেন প্রণীত মোর। গত বছর ‘বিগ বস ১৯’-এর মঞ্চে নিম্নমানের কৌতুক পরিবেশনের জন্য খোদ সালমান খানের কাছে কড়া ধমক খেয়েছিলেন প্রণীত। কিন্তু অতীতের সেই হুঁশিয়ারি থেকে তিনি যে বিন্দুমাত্র শিক্ষা নেননি, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *