৮ লাখের লোন নিয়ে লিঙ্গ পরিবর্তন! নিজের বোনকে বিয়ে করলেন শিক্ষিকা

৮ লাখের লোন নিয়ে লিঙ্গ পরিবর্তন! নিজের বোনকে বিয়ে করলেন শিক্ষিকা

পাটনা: বিহারের জামুই জেলা থেকে সামনে এল এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর প্রেমকাহিনী। নিজের বোনকে (কতুতো বোন) বিয়ে করতে প্রেমিকার লিঙ্গ পরিবর্তন করালেন এক সরকারি স্কুল শিক্ষিকা! আর এই অস্ত্রোপচারের খরচ জোগাতে ব্যাংক থেকে নিলেন ৮ লক্ষ টাকার লোন। অস্ত্রোপচারের পর বোন ‘রাখী’ থেকে ‘রাহুল’ হতেই মন্দিরে গিয়ে সাতপাকে বাঁধা পড়লেন দুজনে। বর্তমানে এই বিচিত্র বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

জানা গেছে, ২২ বছর বয়সী নয়নশ্রী ২০১৫ সালের বিপিএসসি (BPSC) শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করে লক্ষ্মীপুর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান। নয়নশ্রী এবং তাঁর বোন রাখী ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন এবং স্নাতক পড়ার সময় দুজনে একই হোস্টেলে থাকতেন। সেখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা বিগত ৫ বছর ধরে গোপন ছিল।

কিন্তু সমকামী বিয়েতে সমাজের বাঁধার কথা ভেবে এবং নিজের সরকারি চাকরি বাঁচানোর জন্য এক অভিনব পথ বেছে নেন নয়নশ্রী। তিনি নিজে লিঙ্গ পরিবর্তন না করে, প্রেমিকা রাখীকে রাজি করান। দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে রাখীর লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করা হয়। এই বিপুল খরচের জন্য নিজের নামে ৮ লক্ষ টাকার ব্যাংক লোন নেন শিক্ষিকা নয়নশ্রী। অস্ত্রোপচারের পর রাখী পুরোপুরি পুরুষে রূপান্তরিত হন এবং নিজের নাম রাখেন রাহুল।

গত ৩১ মে মোবাইল কেনার নাম করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুরের পতেশ্বর নাথ মন্দিরে গিয়ে বিয়ে সারেন এই যুগল। বিয়ের পর বাড়ি ফিরলে পরিবারের সবাই আকাশ থেকে পড়েন। গত রবিবার নয়নশ্রীর বাড়ির লোকজন রাহুলের বাড়িতে চড়াও হয়ে এই বিয়ে নিয়ে তীব্র আপত্তি জানান এবং ব্যাপক অশান্তি ছড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে নবদম্পতি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। বর্তমানে পুলিশ পুরো বিষয়টির ওপর নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *