মাঝরাতে ঘরে ঢুকে তরুণীকে টানাহেঁচড়া! বাধা দেওয়ায় মা-ভাইকে বেধড়ক মারধর একতরফা প্রেমিকের

রায়বেরেলি: উত্তরপ্রদেশের রায়বেরেলিতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা এক যুবতীর সাথে ঘটে গেল এক ভয়াবহ ও নৃশংস ঘটনা। পরদিন সকালে পরিবারের সদস্যরা সরাসরি থানায় গিয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত যুবক আর কেউ নয়, ওই যুবতীকে দীর্ঘদিন ধরে একতরফা (ওয়ান সাইড লাভ) ভালোবেসে উত্যক্ত করা এক স্থানীয় রোমিও।
তার ক্রমাগত উত্যক্ত করার কারণে গত বেশ কিছুদিন ধরেই তীব্র মানসিক আতঙ্কে ভুগছিলেন ওই যুবতী। রাস্তায় বেরোলেই অভিযুক্ত যুবক তার পিছু নিত। কিন্তু গত শুক্রবার রাতে সে সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলে। মাঝরাতে ওই যুবতী যখন তার মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, তখন অভিযুক্ত যুবক তার এক বন্ধুকে নিয়ে পাঁচিল টপকে ঘরের ভেতর ঢুকে পড়ে এবং যুবতীর সাথে অসভ্য আচরণ শুরু করে।
যুবতী চিৎকার করে এর তীব্র প্রতিবাদ জানালে তার মা এবং ভাই ছুটে আসেন। বাড়ির লোক বাধা দিতে গেলে ওই উন্মাদ যুবক ও তার বন্ধু মিলে তাদের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয় এবং নৃশংসভাবে মারধর করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষমেশ দুজনে মিলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
থানায় দেওয়া অভিযোগে আক্রান্ত যুবতী জানিয়েছেন, ওই যুবক তাকে জোর করে বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। এই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।