অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা পাচ্ছেন তো? এই ভুল করলেই বাতিল হবে আবেদন!

ভোটের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে ৫০ লক্ষেরও বেশি উপভোক্তা এই সুবিধা পেতে শুরু করেছেন। বর্তমানে অনলাইনে ও অফলাইনে এই প্রকল্পের ফর্ম ফিলআপের কাজ চলছে যা আগামী তিন মাস পর্যন্ত জারি থাকবে। তবে শুধু আবেদন করলেই মিলবে না ভাতা, এর জন্য মানতে হবে বেশ কিছু কড়া নিয়ম।
সতর্কতা ও ভেরিফিকেশন প্রক্রিয়া
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ভাতার জন্য ১২ পাতার ফর্ম দেওয়া হলেও পুরো ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক নয়। জরুরি তথ্যগুলি দিয়ে বাকি জায়গায় ‘নট অ্যাপ্লিকেবল’ বা প্রযোজ্য নয় লিখে দিলেই আবেদন গ্রাহ্য হবে। তবে ফর্ম জমা দেওয়ার পর শুরু হচ্ছে মূল ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া। এই পর্যায়ে পুরসভা বা সরকারি আধিকারিকদের তরফে আবেদনকারীদের কাছে ফোন করা হতে পারে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ইতিহাস, মাসিক আয়, পেশা এবং পরিবারের প্রধানের কাজের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী, ভেরিফিকেশনের সময় এই ফোনকল রিসিভ না করলে কিংবা কোনো ভুল তথ্য দিলে সরাসরি বাতিল করে দেওয়া হতে পারে আবেদনকারীর ভাতা। মূলত স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য প্রার্থীদের হাতে সুবিধা পৌঁছে দিতেই এই কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আবেদনের স্টেটাস দেখার উপায়
যাঁরা এখনও টাকা পাননি বা আবেদনপত্রের বর্তমান অবস্থা নিয়ে সংশয়ে আছেন, তাঁরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে স্টেটাস চেক করে নিতে পারবেন। এর জন্য আবেদনকারীকে সোশ্যাল সিকিউরিটির অফিসিয়াল পোর্টালে (socialsecurity.wb.gv.in) গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। এর ফলে খুব সহজেই নিজের নাম নথিভুক্ত রয়েছে কিনা তা জানতে পারবেন নাগরিকরা। কোনো রকম জটিলতা এড়াতে আবেদন ও ভেরিফিকেশন চলাকালীন মোবাইল সার্বক্ষণিক সচল রাখা এবং সঠিক তথ্য প্রদান করার পরামর্শ দেওয়া হচ্ছে।