হাইকোর্টের বিরাট নির্দেশ! আজই সন্ধে ৬টার মধ্যে সিআইডি-র মুখোমুখি হতে হবে অভিষেককে

হাইকোর্টের বিরাট নির্দেশ! আজই সন্ধে ৬টার মধ্যে সিআইডি-র মুখোমুখি হতে হবে অভিষেককে

কলকাতা: সই বিতর্ক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ, বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডি (CID)-র কাছে হাজিরা দিতে হবে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন। তবে স্বস্তির বিষয়, সিআইডি এখনই তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, অর্থাৎ বহাল থাকছে আদালতের রক্ষাকবচ। সিআইডির নোটিশ খারিজ এবং আইনি রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

এই মুহূর্তে দলীয় কাজে দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলেই তাঁর কলকাতা ফেরার কথা রয়েছে এবং বিমানবন্দর থেকে নেমে সরাসরি তাঁকে হাজিরা দিতে যেতে হবে ভবানী ভবনে। এই মামলার পরবর্তী শুনানি হবে দু’সপ্তাহ পর। সেদিন সিআইডি-কে তদন্তের অগ্রগতির রিপোর্ট এবং অভিষেক তদন্তে কতটা সহযোগিতা করছেন, সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী দিনে অভিষেককে আবার ডাকতে হলে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।

আদালতে আজ রাজ্য সরকারের আইনজীবী অভিষেকের রক্ষাকবচ বাতিলের পক্ষে জোরালো সওয়াল করলেও বিচারপতি কৌশিক চন্দ তা খারিজ করে দেন। বিচারপতির পর্যবেক্ষণ, “আইনে রক্ষাকবচ দেওয়ায় কোনো বাধা নেই। দরকারে পুলিশ ওয়ারেন্ট ইস্যু করুক। আর তাঁর থেকে প্রয়োজনীয় তথ্য বের করতে না পারলে, সেটা রাজ্য পুলিশের ব্যর্থতা হিসেবেই গণ্য হবে। তিনি সহযোগিতা না করলে পুলিশ আদালতে এসে জানাক, তখন দেখা যাবে।”

এদিকে স্বস্তি ও হাজিরার নির্দেশের মাঝেই আইনি লড়াই আরও জোরদার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জাল করার মামলার সম্পূর্ণ এফআইআর (FIR)-কে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত তাঁকে এই মামলা দায়ের করার অনুমতিও দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *