হরমুজে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! রণক্ষেত্রের চেহারা নিল সমুদ্র

নয়াদিল্লি: হরমুজ প্রণালীতে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ হওয়া ৩ ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) অত্যন্ত উদ্বেগের এই খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মার্কিন রণতরী থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাঝসমুদ্রেই দাউদাউ করে জ্বলে ওঠে একটি তেলের ট্যাঙ্কার। সেই ভয়ানক হামলাতেই প্রাণ হারিয়েছেন ওই ৩ ভারতীয়।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক্স (টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘পালাউয়ের পতাকাবাহী জাহাজে ঘটে যাওয়া এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দু’জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই কঠিন সময়ে মোদী সরকার শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে এবং সব ধরনের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ নিহত নাবিকদের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছিল মাঝসমুদ্রে?
জানা গেছে, আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় থাকা পালাউয়ের একটি তেলবাহী জাহাজ ‘ম্যারিভেক্স’ হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করছিল। সেই সময় আমেরিকার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে ওই ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই জাহাজে তীব্র বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
জাহাজে আগুন ধরে যাওয়ার পর নাবিকদের বাঁচার আকুতিভরা একটি অডিও বার্তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘স্যর, ট্যাঙ্কার ম্যারিভেক্স থেকে বলছি… জাহাজে আগুন ধরে গিয়েছে। জাহাজটি ডুবতে শুরু করেছে।’
জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। ঘটনার পরই দ্রুত পদক্ষেপ করে ২১ জনকে সুরক্ষিত উদ্ধার করা সম্ভব হলেও ৩ জন নিখোঁজ ছিলেন। অবশেষে আজ তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করল কেন্দ্র। এই ঘটনায় আমেরিকার ওপর তীব্র ক্ষুব্ধ নয়াদিল্লি। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে কড়া বার্তা দিতে চলেছে ভারত।