মাত্র ৫ সেকেন্ডে ১০ রাউন্ড গুলি! সাতসকালে জিমের বাইরে মালিককে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

হিসার: হরিয়ানার হিসারে সাতসকালে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। জিমের বাইরে দাঁড়িয়ে কথা বলার সময় মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ১০ রাউন্ড গুলি চালিয়ে খুন করা হলো ২৫ বছর বয়সি এক জিম মালিককে। মৃত তরুণের নাম দীপক ওরফে কপিল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পথচারী তরুণীও। ভরদুপুরে বা ব্যস্ত সময়ে নয়, নৃশংস এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ, হাঁসির ফাওয়ারা চক এলাকায়।
পুলিশ ও সিসিটিভি (CCTV) ফুটেজ সূত্রে জানা গেছে, ঘটনার সময় জিমের বাইরে রাস্তায় বেশ কয়েকজন যুবক ও তরুণী শরীরচর্চা করছিলেন। তাঁদের সঙ্গেই দাঁড়িয়ে কথা বলছিলেন জিমের মালিক দীপক। ঠিক সেই সময় একটি মোটরবাইকে চড়ে সেখানে হাজির হয় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বাইকের পিছনে বসা সাদা টুপি পরা এক যুবক আচমকাই গাড়ি থেকে নেমে পিস্তল উঁচিয়ে দীপককে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। চোখের পলকে, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ১০ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় আততায়ীরা।
গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দীপক। সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন এক তরুণীও। দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দীপককে মৃত ঘোষণা করেন। আহত তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত দীপকের আসল বাড়ি জিন্দ জেলার দালামওয়ালা গ্রামে হলেও, বর্তমানে তিনি হাঁসির শান্তিনগর এলাকায় থাকতেন। প্রকাশ্য রাস্তায় এমন হাড়হিম করা খুনের সিসিটিভি ফুটেজ ইতিমিধ্যেই পুলিশের হাতে এসেছে। সেই ফুটেজ দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে পুরোনো কোনো শত্রুতা, নাকি ব্যবসায়িক বিবাদের জেরে এই খুন— তা এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।