‘আমি তো মুদ্রাস্ফীতি ভালোবাসি!’ দামবৃদ্ধি নিয়ে প্রশ্নেই মেজাজ হারিয়ে চরম ব্যঙ্গ ট্রাম্পের

‘আমি তো মুদ্রাস্ফীতি ভালোবাসি!’ দামবৃদ্ধি নিয়ে প্রশ্নেই মেজাজ হারিয়ে চরম ব্যঙ্গ ট্রাম্পের

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেজাজ হারানোর স্বভাব নতুন কিছু নয়। তবে এবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি যা বললেন, তাতে কার্যত চোখ কপালে উঠেছে ওয়াকিবহাল মহলের। আমেরিকায় লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্পের চটজলদি খোঁচা, “আমি তো মুদ্রাস্ফীতি ভালোবাসি!”

আমেরিকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কেন আকাশছোঁয়া, তা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। গত মে মাসে সেখানে মুদ্রাস্ফীতি গিয়ে ঠেকেছে ৪.২ শতাংশে। ২০২৩ সালের পর এই প্রথম পরিস্থিতি এতটা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট কতটা চিন্তিত, তা জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান, তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। উলটে ব্যঙ্গাত্মক সুরে বলেন, “আমি তো ভালোবাসি। মুদ্রাস্ফীতি ভালোবাসি।”

অবশ্য পরে নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইরান যুদ্ধের জেরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাজারের ওপর। তবে তাঁর আশ্বাস, এই যুদ্ধ মিটে গেলেই তেলের দাম এক ধাক্কায় কমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। একই সুর শোনা গেছে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইয়ের গলাতেও। তিনি জানান, ইরানের পরিস্থিতির সমাধান হলেই তেল-গ্যাসের দামের পাশাপাশি সামগ্রিক মূল্যস্ফীতি এক ধাক্কায় কমে যাবে।

এদিকে, আমেরিকার এই আশ্বাসের মধ্যেও কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বুধবার রাতভর ইরানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় এখন কাঁপছে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *