আজই গ্রেট শো অন আর্থ! মঞ্চ কাঁপাবেন শাকিরা, ঘরে বসে বিনামূল্যে কোথায়, কীভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?

আজই গ্রেট শো অন আর্থ! মঞ্চ কাঁপাবেন শাকিরা, ঘরে বসে বিনামূল্যে কোথায়, কীভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?

কলকাতা: অপেক্ষার অবসান, আজ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তবে মাঠে বল গড়ানোর আগেই আজ মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়াম মাতাতে চলেছেন আন্তর্জাতিক পপ তারকা শাকিরা। কলম্বিয়ান এই ডিভার নতুন থিম সং ‘দাই দাই’ দিয়ে শুরু হবে মেগা শো। শাকিরার পাশাপাশি উদ্বোধনী মঞ্চে ঝড় তুলতে তৈরি বার্না বয়, জে বালভিন, তাইলা, বেলিন্দার মতো একঝাঁক বিশ্বখ্যাত তারকা। লাতিন পপ থেকে অ্যাফ্রোবিটস—সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ৯০ মিনিটের জমকালো ধামাকা।

কখন শুরু মেগা অনুষ্ঠান?

ভারতীয় সময় অনুযায়ী আজ রাত ১১টা থেকে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১২টা বেজে ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী ম্যাচ।

টিভিতে বিনামূল্যে কীভাবে দেখবেন?

ভারতে এই বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার ZEE5। টিভির পর্দায় খেলা দেখতে চাইলে কেবল অপারেটরের কাছে ZEE5-এর নতুন ‘ইউনিট৮ স্পোর্টস নেটওয়ার্ক’ চ্যানেলটির খোঁজ করতে হবে। তবে সুখবর হলো, উদ্বোধনী ম্যাচটি ডিডি স্পোর্টস (DD Sports)-এর ফ্রি ডিশের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি দেখা যাবে। অবশ্য ডিডি স্পোর্টসে শুধুমাত্র নির্বাচিত কয়েকটি ম্যাচই দেখানো হবে।

মোবাইল ও ল্যাপটপে দেখার উপায় ও খরচ:

মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে পুরো টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে হলে ZEE5 অ্যাপ বা ওয়েবসাইটে চোখ রাখতে হবে। এর জন্য আপনাকে ZEE5-এর সাবস্ক্রিপশন নিতে হবে। মাত্র ২৯৯ টাকার এক মাসের প্ল্যান অথবা ৭৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যান (যা ৩টি ডিভাইসে চলবে) রিচার্জ করলেই ঘরে বসে উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *