হাইকোর্টের চরম হুঁশিয়ারি! আজই কি ভবানী ভবনে যাচ্ছেন অভিষেক?
.jpeg.webp?w=800&resize=800,449&ssl=1)
কলকাতা: অবশেষে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যেই তাঁকে ভবানী ভবনে সিআইডি (CID)-র মুখোমুখি হতে হবে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাজিরা এড়ানোর জন্য অভিষেককে আর একটা দিনও সময় দেওয়া হবে না।
বিধানসভার সই জাল জালিয়াতি কাণ্ডে এর আগে তিন তিনবার সিআইডি-র হাজিরা এড়িয়েছেন অভিষেক। শেষবার দিল্লিতে থাকার অজুহাতে সময় চেয়েছিলেন তিনি। তবে এবার আর কোনো উপায় নেই, সরাসরি সিআইডি জেরার মুখে বসতেই হচ্ছে তাঁকে। যদিও আদালত তাঁকে আগামী ১৪ দিনের জন্য আইনি রক্ষাকবচ দিয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে না।
অন্য দিকে, এই হাইভোল্টেজ মামলার আবহেই তৈরি হয়েছে চরম নাটকীয় পরিস্থিতি। অভিষেকের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে তাঁর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্বভাবকে ‘উদ্ধত’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “কী উদ্ধত রে বাবা! মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। ওর জন্য দলটা শেষ হয়েছে।”
৩ দিনের দিল্লি সফর শেষে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরলেও অভিষেক রাজধানীতেই থেকে গিয়েছিলেন। তবে হাইকোর্টের ডেডলাইনের পর আজ দুপুরেই তিনি দিল্লির বিমান ধরেন। বিকেল ৪টে নাগাদ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। এখন দেখার, আদালতের কড়া নির্দেশের পর সন্ধ্যা ৬টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ভবানী ভবনে হাজিরা দেন কি না।