মুখ ঢাকলেই লাল কার্ড, গোল কিকে কাউন্টডাউন! বিশ্বকাপে ৬ নিয়মে বড়সড় বদল আনল FIFA

মুখ ঢাকলেই লাল কার্ড, গোল কিকে কাউন্টডাউন! বিশ্বকাপে ৬ নিয়মে বড়সড় বদল আনল FIFA

আজ, ১১ই জুন (ভারতীয় সময় অনুযায়ী ১২ই জুন) থেকে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৪৮টি দল। ১৬টি শহরের ১০৪টি ম্যাচের এই মেগা টুর্নামেন্টে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ফুটবল নিয়মে ৬টি বড়সড় পরিবর্তন এনেছে ফিফা। মাঠের লড়াই শুরুর আগে একনজরে দেখে নিন এই নতুন নিয়মগুলো:

১. দুটি নয়, ম্যাচে থাকবে চারটি বিরতি

ফুটবলে এখন থেকে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মাঝে ১৫ মিনিটের চেনা বিরতি ছাড়াও আরও দুটি ‘স্ট্র্যাটেজিক ওয়াটার ব্রেক’ দেখা যাবে। প্রথমার্ধের ২২তম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে ৩ মিনিটের এই বিরতিগুলো দেওয়া হবে। ফলে ম্যাচ চলাকালীন কোচেরা নিজেদের স্ট্র্যাটেজি বদলানোর বাড়তি সুযোগ পাবেন।

২. গোল-কিক ও থ্রো-ইনে কাউন্টডাউন

সময় নষ্ট রুখতে এবার কড়া ফিফা। গোল কিক নিতে দেরি হলে রেফারি ৫ সেকেন্ডের একটি ভিজ্যুয়াল কাউন্টডাউন শুরু করবেন। এই ৫ সেকেন্ডের মধ্যে বল শট না করলে গোল কিকটি প্রতিপক্ষ দলের কর্নারে পরিণত হবে। প্রতিপক্ষের থ্রো-ইনের ক্ষেত্রেও এই নিয়ম খাটবে। পাশাপাশি, ড্রপ বলের ক্ষেত্রে খেলা থামবে না, যার দখলে বল ছিল তাকেই বল দেওয়া হবে।

৩. মুখ ঢাকলেই লাল কার্ড!

ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় যদি মুখে হাত দিয়ে (যাতে লিপ-রিডিং না করা যায়) প্রতিপক্ষ দলের কাউকে কিছু বলেন, তবে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন। এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছাড়লে বা কোচেরা যদি খেলোয়াড়কে মাঠ ছাড়তে উস্কানি দেন, তবে লাল কার্ড দেখতে হবে। এমনকি পুরো দল মিলে প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়লে গোটা দলকেই লাল কার্ড দেওয়া হতে পারে।

৪. চোটের চিকিৎসায় কড়া সময়সীমা

মাঠে কোনো খেলোয়াড় চোট পেয়ে ফিজিওর সাহায্য নিলে, চিকিৎসা শেষে তাঁকে বাধ্যতামূলকভাবে অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। আবার গোলরক্ষক চোট পেয়ে মাঠে চিকিৎসা চলাকালীন কোনো দলের খেলোয়াড়রাই কোচের সঙ্গে কথা বলতে ডাগআউটে বা টেকনিক্যাল এরিয়াতে যেতে পারবেন না।

৫. খেলোয়াড় বদলাতে মাত্র ১০ সেকেন্ড

এবার প্লেয়ার পরিবর্তনের জন্য মাত্র ১০ সেকেন্ড সময় পাবেন ফুটবলাররা। রেফারির সংকেতের ১০ সেকেন্ডের মধ্যে মাঠের ভেতরের খেলোয়াড়কে বাইরে এবং বাইরের খেলোয়াড়কে ভেতরে আসতে হবে। এই সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে, শাস্তি হিসেবে ওই দলকে পরবর্তী ৬০ সেকেন্ড (১ মিনিট) একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হবে।

৬. বাড়ছে ভিএআর (VAR)-এর ক্ষমতা

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর ক্ষমতা এবার অনেকটাই বাড়ানো হয়েছে। থ্রো-ইন, কর্নার বা পেনাল্টির সময় বল মাঠে ঢোকার আগেই যদি কোনো খেলোয়াড় ফাউল করেন, তবে ভিএআর তদন্ত করে পেনাল্টি দিতে পারবে। এছাড়া রেফারি ভুল কর্নার দিলে বা একই ম্যাচে কোনো খেলোয়াড়কে ভুলবশত দ্বিতীয় হলুদ কার্ড দেখালে, ভিএআর হস্তক্ষেপ করে সেই সিদ্ধান্ত বদলে দিতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *