‘কাউকেই বিশ্বাস করতে পারছেন না অভিষেক!’ কল্যাণের ছেলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় তৃণমূল

কলকাতা: তৃণমূলের অন্দরের অবিশ্বাসের বাতাবরণ এবার প্রকাশ্য দিবালোকে চলে এল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করে তিনি দাবি করেছেন, “আসল সমস্যা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকেই বিশ্বাস করতে পারছেন না, আমাদেরও না।”
দলের অন্দরের ক্ষোভ উগরে দিয়ে শীর্ষণ্য আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একটি বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছেন, যা কোনো নিয়ম বা দস্তুরের মধ্যে পড়ে না। কঠিন সময়ে দলের বড় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শীর্ষণ্যর কথায়, “দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে আমরা নিঃস্বার্থভাবে দলীয় কর্মীদের হাইকোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত সমস্ত রকম আইনি সাহায্য দিয়ে গিয়েছি। অথচ এই চরম সংকটের দিনে সমস্ত বড় নেতারা আজ গা-ঢাকা দিয়েছেন, কেউ কেউ আবার দলবদলও করেছেন।” ভোট বা আইনি লড়াইয়ের আবহে কল্যাণের ছেলের এই মন্তব্য তৃণমূলের ভেতরের আদি-নব্য দ্বন্দ্ব এবং সমন্বয়ের অভাবকে এক ধাক্কায় অনেকটা সামনে এনে দিল বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।