বিশ্বকাপের ওপেনিংয়ে ইতিহাস! একযোগে ৩ দেশে মহা-ধামাকা, শাকিরা-কেটি পেরির সঙ্গে মঞ্চ কাঁপাবেন নোরা

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার এক অনন্য ও ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কোনো একটি নির্দিষ্ট দেশে নয়, এবার মেগা টুর্নামেন্টের জমকালো ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত হতে চলেছে একসঙ্গে তিনটি দেশে। ফুটবল আর সুরের এই মহাসঙ্গম ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের এই মহাযজ্ঞকে স্মরণীয় করে রাখতে পারফর্ম করবেন বিশ্বের তাবড় তাবড় তারকা শিল্পীরা। মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাতে নামবেন বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী শাকিরা এবং গ্র্যামিজয়ী মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’ (Maná)।
অন্যদিকে, কানাডার টরেন্টোর দর্শকদের সুরের জাদুতে মাতাতে উপস্থিত থাকবেন বলিউডের ডান্সিং সেনসেশন নোরা ফাতেহি এবং বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় ডিজে সঞ্জয়। এখানেই শেষ নয়, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের গ্যালারিতে ঝড় তুলতে প্রস্তুত বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। সব মিলিয়ে, মাঠের লড়াই শুরুর আগেই এক রাজকীয় ও রঙিন সূচনার অপেক্ষায় ফুটবল দুনিয়া।