ওডিশায় ফিরল করমণ্ডলের হাড়হিম করা স্মৃতি! একই লাইনে মুখোমুখি দুই এক্সপ্রেস ট্রেন

ওডিশায় ফিরল করমণ্ডলের হাড়হিম করা স্মৃতি! একই লাইনে মুখোমুখি দুই এক্সপ্রেস ট্রেন

ভুবনেশ্বর: বছর তিনেক আগে ওডিশার বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে টাটকা। বৃহস্পতিবার ওডিশার ভুবনেশ্বরে ঘটল প্রায় একই রকম এক হাড়হিম করা ঘটনা। সিগন্যালের চরম বিভ্রাটে একই লাইনে একেবারে মুখোমুখি চলে এল দুটি এক্সপ্রেস ট্রেন! অল্পের জন্য রক্ষা পেল বড়সড় বিপর্যয়।

রেল সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি ট্রেন ভুবনেশ্বর থেকে মাঞ্চেশ্বরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই বিপরীত দিক থেকে অর্থাৎ মাঞ্চেশ্বর থেকে ভুবনেশ্বরের দিকে আসছিল আরেকটি ট্রেন। কোনো কারণে ট্রেন দুটি একই লাইনে চলে আসে। চালকদের তৎপরতায় একেবারে শেষ মুহূর্তে ট্রেন দুটিকে থামানো সম্ভব হয়। ফলে কোনো সংঘর্ষ হয়নি।

তবে স্বস্তির বিষয় এই যে, ঘটনার সময় দুটি ট্রেনের কোনোটিতেই কোনো যাত্রী ছিলেন না। কিন্তু এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেছে। এটি সিগন্যালিংয়ের ত্রুটি নাকি রেল কর্মীদের সমন্বয়ের অভাব, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *