ওমান উপকূলে মার্কিন হামলায় ছিন্নভিন্ন বাণিজ্যিক জাহাজ, মৃত্যু ৩ ভারতীয় নাবিকের! ক্ষুব্ধ দিল্লির কড়া পদক্ষেপ

ওমান উপকূলে মার্কিন হামলায় ছিন্নভিন্ন বাণিজ্যিক জাহাজ, মৃত্যু ৩ ভারতীয় নাবিকের! ক্ষুব্ধ দিল্লির কড়া পদক্ষেপ

নয়া দিল্লি: ওমান উপকূলের কাছে এক বাণিজ্যিক জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার ঘটনায় মৃত্যু হলো তিন ভারতীয় নাবিকের। পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ ‘সেত্তেবেলো’-র ওপর এই হামলার পর ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

জানা গেছে, আক্রান্ত ওই বাণিজ্যিক জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। মার্কিন হামলার পর মুহূর্তের মধ্যে জাহাজটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। প্রথমে ভারত সরকারের তরফে জানানো হয়েছিল, ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে সুরক্ষিত উদ্ধার করা সম্ভব হলেও ৩ জন নিখোঁজ রয়েছেন। কিন্তু পরবর্তীতে নাবিক সংগঠন ও কূটনৈতিক সূত্রে নিশ্চিত করা হয় যে, নিখোঁজ থাকা ওই তিন ভারতীয় নাবিকেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ সম্পন্ন করেছে।

এই ঘটনার পরই চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। মার্কিন কূটনীতিক জ্যাসন মিকসকে তলব করে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব নাগারাজ নাইডু একটি কড়া ‘ডিমার্চ’ (আনুষ্ঠানিক প্রতিবাদপত্র) জমা দিয়েছেন। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার এই আগ্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে দিল্লি।

সাম্প্রতিক সময়ে ওমান উপকূল ও হরমুজ প্রণালী অঞ্চলে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ায় ওই আন্তর্জাতিক জলপথে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভারত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কূটনীতির মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *