গরিবের খাবারে বিষ! রেশনে মিলল গিজগিজে পোকাভরা গম, ডিলার উধাও হতেই রণক্ষেত্র এলাকা

মালদা: রেশন ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এ রাজ্যে নতুন কিছু নয়। তবে এবার মাল ব্লকের ওদলাবাড়ি কালী মন্দির এলাকায় রেশন বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। সরকারি রেশন দোকান থেকে যে গম দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের এবং তাতে গিজগিজ করছে পোকা! এই পোকাভরা খাদ্যশস্য দেওয়াকে কেন্দ্র করে রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশন সংগ্রহ করার পরই উপভোক্তারা বিষয়টি টের পান। তাঁদের অভিযোগ, এই গম কোনো মানুষের খাওয়ার যোগ্যই নয়। এমন খাবার খেলে শিশু থেকে বৃদ্ধ—সবাই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
বিক্ষুব্ধ বাসিন্দা প্রদীপ সাহা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সরকার গরিব মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে। কিন্তু রেশন ডিলাররা যদি এই পচা-পোকাধরা সামগ্রী মানুষের হাতে তুলে দেয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা চাই রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।”
গ্রামবাসীদের একাংশের দাবি, এটা কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই এই এলাকায় নিম্নমানের চাল ও গম দেওয়া হচ্ছে। ভালো মানের খাদ্যশস্য বাইরে পাচার করে দিয়ে সাধারণ মানুষকে এই পচা খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
আশ্চর্যের বিষয় হলো, ঘটনার দিন রেশন ডিলারের দোকানে উপস্থিত থাকার কথা থাকলেও, বিক্ষোভের আঁচ পেয়ে তিনি দীর্ঘক্ষণ দোকানেই আসেননি। ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফ থেকে ওই রেশন ডিলারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ইতিমধ্যেই এলাকাবাসীরা প্রশাসন, খাদ্য দফতর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের সাফ দাবি—অবিলম্বে এই দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবং গরিব মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রীর সঠিক মান নিশ্চিত করতে হবে। এখন দেখার, এই ঘটনার পর প্রশাসন কত দ্রুত অ্যাকশন নেয়।