এবার কালনায় ‘ডিম থেরাপি’! গণধোলাইয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তৃণমূল প্রধান, উঠল ‘চোর’ স্লোগান

এবার কালনায় ‘ডিম থেরাপি’! গণধোলাইয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তৃণমূল প্রধান, উঠল ‘চোর’ স্লোগান

কালনা: রাজ্যে এবার কালনাতেও দেখা গেল ‘ডিম-থেরাপি’! একাধিক দুর্নীতির অভিযোগে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। বৃহস্পতিবার তাঁকে হাতের কাছে পেয়েই গণবিক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। একের পর এক ডিম আছড়ে পড়ল তাঁর গায়ে, সঙ্গে উঠল ‘চোর চোর’ স্লোগান। ডিমের ‘আঘাতে’ শেষ পর্যন্ত রাস্তায় লুটিয়ে পড়েন ওই প্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল পঞ্চায়েত অফিসে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে একটি বৈঠকের পর প্রধান যখন পঞ্চায়েত কার্যালয় থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই তাঁর ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। কালনার বিজেপি বিধায়ক, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই শুরু হয় ডিম বৃষ্টি। একের পর এক ডিম এসে লাগতে থাকে হরেকৃষ্ণবাবুর গায়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ডিমের ঘায়ে ওই তৃণমূল প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বিধায়কের গাড়ির পাশেই রাস্তার ওপর লুটিয়ে পড়েন।

তৃণমূল প্রধানকে এভাবে মাটিতে লুটিয়ে পড়তে দেখে অবশ্য তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্বয়ং বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার ও অন্যান্য বিজেপি কর্মীরা। তাঁরাই হরেকৃষ্ণবাবুকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে নিরাপদে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, দীর্ঘদিন ধরে হরেকৃষ্ণবাবু দেদার দুর্নীতির সঙ্গে যুক্ত। বহুবার প্রতিবাদ জানিয়েও এতদিন কোনো লাভ হয়নি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের আবহে একের পর এক তৃণমূল নেতা কোণঠাসা হতেই এবার জনতার পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ছে তাঁদের ওপর। আর সেই ক্ষোভেরই শিকার হলেন কালনার সাতগাছিয়ার এই পঞ্চায়েত প্রধান। এর আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে, এবার সেই তালিকায় জুড়ল কালনার নামও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *