‘১২টা বাজিয়ে দেবে…’ ভোটের প্রচারের সেই ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে FIR

‘১২টা বাজিয়ে দেবে…’ ভোটের প্রচারের সেই ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে FIR

কলকাতা: ফের বড়সড় আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে এবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হলো। শুক্রবার এক ব্যবসায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ ইতিমধেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

চলতি বছরের শুরুর দিকে ধর্মতলার এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিলেন, “একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে BJP-র অপ্রচারে ভুল বুঝবেন না।” সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্কের ঝড় ওঠে। অভিযোগকারীর দাবি, এই মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং সমাজে বিভেদ তৈরি করতে পারে। এই ঘটনার পর পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কি না, এখন সেটাই দেখার।

পিছু ছাড়ছে না বিতর্ক, দায়ের আরও একাধিক FIR:

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু ছাড়ছে না আইনি জটিলতা। গত ২ জুন রানি রাসমণি রোডের একটি সভা থেকে বাংলাদেশের এক হত্যাকাণ্ড (ওসমান হাদি হত্যা) নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যেই দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছে।

আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিংয়ের অভিযোগ, বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত তৈরি করার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই একই ইস্যুতে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারেও তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। সব মিলিয়ে একের পর এক এফআইআর-এর জেরে চরম অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *