‘তৃণমূলে ভাঙন তো কেবল শুরু, রাজ্যসভাতেও ইস্তফার হিড়িক পড়বে!’ বড় ভবিষ্যৎবাণী ঋতব্রতের

কলকাতা: লোকসভায় ১৯ জন বিদ্রোহী সাংসদ আলাদা ব্লক তৈরি করতেই তৃণমূলের অন্দরে যে কম্পন শুরু হয়েছিল, তা এবার রাজ্যসভাতেও বড়সড় বিপর্যয় ডেকে আনতে চলেছে। রাজ্যসভা থেকে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের তিন সাংসদ ইস্তফা দিয়েছেন, তবে এখানেই শেষ নয়। আগামী দিনে এই ইস্তফার সংখ্যা আরও বহুগুণ বাড়তে চলেছে বলে এক চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রবীণ তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এদিন ঋতব্রত বলেন, “আমরা এতদিন ধরে (তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে) যা যা বলছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন ঠিক সেই কথাগুলোই বলছেন।”
রাজনৈতিক মহলের মতে, একদিকে লোকসভার ১৯ জন সাংসদের বিদ্রোহ, অন্যদিকে রাজ্যসভার সাংসদদের একের পর এক পদত্যাগ— সব মিলিয়ে ছাব্বিশের ভোটের পর তীব্র অন্তর্দ্বন্দ্বে কার্যত কোণঠাসা শাসক শিবির। আর এরই মাঝে বিরোধী দলনেতার এই নতুন দাবি জোড়া-ফুল শিবিরের অস্বস্তি ও ভাঙনের জল্পনাকে আরও বাড়িয়ে দিল।