‘একটা কমিউনিটি জোট বাঁধলে ১২টা বাজিয়ে দেবে’! উসকানিমূলক মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নির্বাচন চলাকালীন একটি জনসভা থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জমায়েত সম্পর্কে তাঁর করা মন্তব্যের জেরেই এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন জনৈক এক ব্যবসায়ী।
বিতর্কের কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য
বিধানসভা নির্বাচনের আবহে একটি জনসভার মঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে।” তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এহেন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দেওয়া হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১), ৩৫১ (২) এবং ৩৫২ ধারায় ওই মামলা রুজু হয়েছে।
ক্রমশ বাড়ছে আইনি চাপ ও সম্ভাব্য প্রভাব
এই ঘটনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনি জটিলতা আরও বৃদ্ধি করল। এর আগে সম্প্রতি রানি রাসমণি অ্যাভিনিউয়ের একটি সমাবেশ থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই মন্তব্যের জেরে শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। একের পর এক এহেন উসকানিমূলক মন্তব্য ও তার জেরে রুজু হওয়া আইনি মামলাগুলি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত সাঁড়াশি চাপে ফেলছে। এই ধারাবাহিক আইনি পদক্ষেপগুলি আগামী দিনে তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।