সালমান খানের বাগানবাড়ি ঘিরে নয়া সংঘাত! প্রতিবেশীকে বড় ঝটকা দিল বম্বে হাই কোর্ট

মুম্বই: বলিউডের ভাইজান সালমান খানের প্যানভেলের বিলাসবহুল ফার্ম হাউস ‘অর্পিতা ফার্মস’ নিয়ে চলা দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক বড়সড় মোড় এল। সালমানের প্রতিবেশী কেতন কক্কড়কে সমাজ মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে করা সমস্ত বিতর্কিত পোস্ট ও ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিল বম্বে হাই কোর্ট। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলেই কোনো তারকাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অধিকার কারও নেই।
বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চে এই মামলার শুনানির সময় আদালত কঠোর বার্তা দিয়ে বলে, ব্যক্তিগত বা সম্পত্তি-সংক্রান্ত যেকোনো বিরোধের সমাধান আইনি পথেই হওয়া উচিত, সামাজিক মাধ্যমে নয়। বিষয়টি যখন ইতিমধ্যেই আদালতের বিচারাধীন, তখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করার কোনো প্রয়োজন নেই।
কী নিয়ে এই বিবাদ?
মহারাষ্ট্রের রায়গড় জেলার প্যানভেলে সালমান খানের ফার্ম হাউসের ঠিক পাশেই কেতন কক্কড়ের জমি রয়েছে। কেতনের অভিযোগ, ফার্মহাউস তৈরির সময় একাধিক নিয়ম ভাঙা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর জমিতে যাতায়াতের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই নিয়ে কথা বলতে গেলে তাঁকে প্রশাসনিকভাবে নানা হুমকি দেওয়া হচ্ছে।
কেতনের আরও দাবি, তাঁর জমির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, সম্পত্তির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে এবং ভুয়ো নথির সাহায্যে তাঁর জমিও কেড়ে নেওয়া হয়েছে।
পাল্টা জবাব সালমানের আইনজীবীর:
যদিও সালমান খানের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। আদালতে অভিনেতার আইনজীবীরা সাফ জানান, কেতন যে জমি নিয়ে এত দাবি করছেন, সেই জমি সংক্রান্ত লেনদেনটিই সম্পূর্ণ অবৈধ ছিল এবং সেই কারণেই তা বাতিল করা হয়েছিল। তবে আদালতের এই নয়া নির্দেশের পর সালমান ভক্তরা যে স্বস্তিতে, তা বলাই বাহুল্য।