কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা সিআইডির! ‘ডিজে বাজানো’র হুমকিতে আইনি জালে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড

কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা সিআইডির! ‘ডিজে বাজানো’র হুমকিতে আইনি জালে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড

কলকাতা: ছাব্বিশের ভোট মিটলেও এখনই স্বস্তি মিলছে না ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বে। ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে এবার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি (CID)। শুক্রবার বিকেলে রাজ্য তদন্তকারী সংস্থার একটি দল নতুন একটি মামলার নোটিস দিতে তাঁর বাড়ি যায়।

মিটিংয়ে ব্যস্ত অভিষেক, দেখা না পেয়ে অপেক্ষা সিআইডির:

সূত্রের খবর, সিআইডি টিম যখন কালীঘাটের শান্তিনিকেতন ভবনে পৌঁছায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তদন্তকারীরা পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগেই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সিআইডি-কে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠকে যোগ দিতে গিয়েছেন। ফলে সিআইডি আধিকারিকরা নোটিস দিতে না পেরে সেখানেই অপেক্ষা করছেন। এদিকে ঘটনার খবর পেয়েই অভিষেকের বাড়ির সামনে এসে পৌঁছান তাঁর আইনজীবীরা। তবে পুরো বিষয়টি না জেনে এখনই তাঁরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। সিআইডি সূত্রে খবর, আগামী সপ্তাহেই অভিষেককে তলব করার সম্ভাবনা রয়েছে।

কী ছিল সেই মন্তব্য? কেন এই মামলা?

লোকসভা ভোটের ফল প্রকাশের ঠিক আগে বাগুইআটি থানায় প্রথম অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা হয়ে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। অভিযোগ, ভোট প্রচারের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের একপ্রকার প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ।

জনসভা থেকে অভিষেককে বলতে শোনা গিয়েছিল, “৪ তারিখের পরে ডিজে বাজানো হবে। মমতা যতই উদার হোক… ৪ তারিখের পরে ডিজে বাজানো হবে… মমতা বদলা নয় বদল চাই বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। ৪ তারিখ জবাব হবে।” বিরোধীদের দাবি, এই বক্তব্যের মাধ্যমে নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী কর্মীদের ওপর হিংসা ছড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। আর সেই বিতর্কিত ‘ডিজে মন্তব্য’-র জেরেই এবার চরম আইনি জটিলতায় পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *