একদিকে মমতার নামে FIR, অন্যদিকে অভিষেকের বাড়িতে হানা দিল CID! চরম বিপাকে পিসি-ভাইপো

কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের। একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারিতে যখন দলের কাউন্সিলর থেকে শুরু করে প্রথম সারির নেতারা শ্রীঘরে, তখনই জোড়া ধাক্কা খেল ঘাসফুল শিবির। একদিকে উস্কানিমূলক মন্তব্যের জেরে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর (FIR), অন্যদিকে তাঁর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হানা দিল সিআইডি (CID)। শুক্রবারের এই জোড়া ঘটনায় চরম রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে বাংলায়।
ধর্মতলার মঞ্চ থেকে উস্কানি? মমতার বিরুদ্ধে মামলা
রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ ধর্মতলার এসপ্ল্যানেডে আয়োজিত একটি ধর্না মঞ্চ থেকে বিতর্কিত বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ব্যবসায়ীর অভিযোগ, মমতার সেই মন্তব্যে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারত। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিষেকের বাড়িতে সিআইডি, ঘরে ছিলেন না ‘ভাইপো’
মমতার এফআইআর-এর রেশ কাটতে না কাটতেই শুক্রবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয় সিআইডি-র একটি বিশেষ দল। জানা গেছে, বিধানসভা ভোট প্রচারের সময় একটি উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে তদন্ত করতে এসেছিলেন আধিকারিকরা। প্রথমে বাগুইআটি থানা ও পরে বিধাননগর সাইবার ক্রাইম থানা হয়ে এই মামলার তদন্তভার এখন সিআইডি-র হাতে।
সূত্রের খবর, সিআইডি টিম যখন অভিষেকের বাড়িতে পৌঁছায়, তখন তিনি ঘরে ছিলেন না। দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। ফলে সিআইডি আধিকারিকরা নোটিশ না দিয়েই অপেক্ষা করতে বাধ্য হন। সূত্রের দাবি, আগামী সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে সিআইডি। সব মিলিয়ে একই দিনে পিসি ও ভাইপোর ওপর আইনি কোপ পড়ায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।