নতুন সরকারের ১ মাস: ‘আমরা শুধু নাম বদলাতে আসিনি, ব্যবস্থা বদলাতে এসেছি’, প্রথম মূল্যায়ন শুভেন্দুর

নতুন সরকারের ১ মাস: ‘আমরা শুধু নাম বদলাতে আসিনি, ব্যবস্থা বদলাতে এসেছি’, প্রথম মূল্যায়ন শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের বয়স মাত্র ৩৫ দিন। কিন্তু এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক বড় পদক্ষেপ নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এই এক মাসে সরকারের সবচেয়ে বড় সাফল্য কী? আগামী দিনে কোন কাজগুলো সবার আগে হবে? শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে সেই সব প্রশ্নের সটান জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে লকেট চট্টোপাধ্যায়, দেবজিৎ সরকার সহ বিজেপি নেতৃত্বকে পাশে বসিয়ে এক মাসের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আনন্দবাজার ডট কমের এক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, তাঁর সরকারের এক মাসের কাজ দেখে এখনই বিচার করা যাবে না। মূল্যায়নের ভার জনগণের ওপর ছেড়ে দিয়ে তাঁর আত্মবিশ্বাসী বার্তা, “আগামী অর্থবর্ষে বুঝতে পারবেন যে, এই সরকার শুধুমাত্র দল, পতাকা, ব্যক্তি, মুখ বা নামের পরিবর্তন ঘটাতে আসেনি, ব্যবস্থা এবং স্বাদেরও পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।”

শুভেন্দু সরকারের ‘টপ প্রায়োরিটি’ কোনগুলি?

মুখ্যমন্ত্রী হিসেবে গত এক মাসে কোন কাজগুলোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তা নির্দিষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, অগ্রাধিকারের তালিকায় রয়েছে:

  • সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ (BSF)-কে জমি হস্তান্তর।
  • রাজ্যে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিদায় করা।
  • দীর্ঘদিন আটকে থাকা জনগণনার কাজ দ্রুত চালু করা।
  • এতকাল বঞ্চিত থাকা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কেন্দ্রের সব জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দেওয়া।

১০০ দিনের কাজ বন্ধ, আসছে নতুন প্রকল্প:

তৃণমূল জমানায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে নতুন সরকারের সমন্বয়ের ফলে গত এক মাসেই বকেয়া টাকা আসতে শুরু করেছে। ‘মনরেগা’ (১০০ দিনের কাজ)-র আয়ু আর মাত্র তিন সপ্তাহ। এই অল্প সময়ের জন্যই কেন্দ্র রাজ্যের জন্য ৭০০ কোটি টাকা মঞ্জুর করেছে। এর পরই রাজ্যে বিকল্প হিসেবে চালু হতে চলেছে ‘জিরামজি’ (১২৫ দিনের কাজ) প্রকল্প, যার জন্য ইতিমধ্যেই অর্থবর্ষের বাকি সময়ের জন্য ৫,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

জনগণকে মূল্যায়নের পরামর্শ:

মাত্র ৩২-৩৪ দিনে সরকারের কাজের বিচার করা সম্ভব নয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জনগণকেও বলব আমাদের কিছুটা সময় দিতে হবে।” ২০২৭ সালের ৩১শে মার্চ, অর্থাৎ চলতি অর্থবর্ষ শেষ হওয়ার পর তাঁর সরকারের কাজের চূড়ান্ত মূল্যায়ন করার জন্য সংবাদমাধ্যম ও আমজনতাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *