‘ফুটপাথ জনগণের, রাজাবাজার-মেটিয়াবুরুজে যা খুশি করা চলবে না!’ হকার উচ্ছেদ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘ফুটপাথ জনগণের, রাজাবাজার-মেটিয়াবুরুজে যা খুশি করা চলবে না!’ হকার উচ্ছেদ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: বেআইনিভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, উচ্ছেদ অভিযান চলবেই—শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক থেকে এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে উচ্ছেদের পাশাপাশি হকারদের জন্য ধাপে ধাপে বিকল্প পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

কেন্দ্রের সাফল্যের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথ জবরদখল করার অধিকার কারও নেই।” কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকার উদাহরণ টেনে তিনি ক্ষোভের সুরে বলেন, “নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর, মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য পাবলিক আমাকে মুখ্যমন্ত্রী করেনি। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাথ বিলিয়ে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি ও বিধায়করা মুখ্যমন্ত্রী করেছেন। আমি জনগণের প্রতি দায়বদ্ধ।”

রাজনীতির স্বার্থে প্রতিবাদের কড়া জবাব:

হাওড়া, শিয়ালদহ, যাদবপুর এবং দমদমে বেআইনি হকার উচ্ছেদ নিয়ে বর্তমানে রাজনৈতিক জলঘোলা চরমে। যাদবপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে নেমে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যরা আটক হয়েছেন, পুলিশের লাঠির ঘায়ে জখমও হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। এমনকি বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীও প্রশাসনকে চিঠি লিখে হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এই সমস্ত প্রতিবাদের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেখানে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে। কোনও মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পাবে না।”

হকারদের পুনর্বাসন নিয়ে আশ্বাস:

ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় যে সমস্ত হকাররা বর্তমানে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে মানবিক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রাথমিকভাবে আপনারা সরে যান। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, সেখানে বৈধ-অবৈধভাবে বসে থাকলে তা মানবিকভাবে দেখা হবে। আস্তে আস্তে সরকারি স্কিম আসবে। হকারদের জন্য শ্রমদপ্তরের বিশেষ স্কিম রয়েছে, আপনারা সেই সুবিধা পাবেন।” মুখ্যমন্ত্রীর এই কড়া অথচ আশ্বাসবাণীর পর এখন পুনর্বাসনের আশায় দিন গুনছেন হাজার হাজার হকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *