বাংলাদেশের ‘পুশ-ইন’ বিল পাসের তোড়জোড় চলতেই মুখ খুললেন শুভেন্দু

কলকাতা: ভারতে অনুপ্রবেশ রুখতে ভারতের কড়া পদক্ষেপের মাঝেই এবার বেঁকে বসেছে বাংলাদেশ। ভারতের ‘পুশ-ইন’ অর্থাৎ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার বিরোধিতা করে আগামী ১৪ জুন বাংলাদেশের সংসদে একটি বিশেষ প্রস্তাব (মোশন) আনা হতে পারে বলে জানা গিয়েছে। আর ওপার বাংলার এই তৎপরতা নিয়েই এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশের এই প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী অবশ্য বিষয়টি কূটনৈতিক স্তরেই ছেড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি এটার উত্তর দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে তাঁরা কোন বিষয় আনবেন, সেটা তাঁদের ব্যাপার। তবে যদি সেরকম কিছু আনা হয়, তার জবাব দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র দফতর রয়েছে, নির্দিষ্ট পররাষ্ট্রনীতি রয়েছে।”
একই সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে রাজনীতির চেষ্টার কড়া সমালোচনা করে শুভেন্দু মনে করিয়ে দেন, “বাংলাদেশ সীমান্ত তো শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে।” ফলে যেকোনো বিদেশি রাষ্ট্রের পদক্ষেপের মোকাবিলা করতে ভারত সরকার যে সম্পূর্ণ সক্ষম, সেই বার্তাই দিয়েছেন বিরোধী দলনেতা। ওপার বাংলার এই সম্ভাব্য বিল পাস এবং শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে সীমান্ত রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।