ডেট করতে গিয়ে ৮,৫০০ টাকার বিল! চ্যাট শেষে যুবকের পকেট ফাঁকা করল কলকাতার ‘ঠগিনী’

কলকাতা: আপনি কি ডেটিং অ্যাপ ব্যবহার করেন? অচেনা সুন্দরীর সঙ্গে প্রথমবার ক্যাফেতে দেখা করার প্ল্যান করছেন? তাহলে সাবধান! কলকাতায় ডেটিং অ্যাপের আড়ালে রমরমিয়ে চলছে এক ভয়ঙ্কর প্রতারণা চক্র। ‘বম্বল’ (Bumble) অ্যাপে আলাপ হওয়া তরুণীর সঙ্গে ডেটে গিয়ে এক যুবকের মাত্র এক কাপ কফি আর হুক্কাতেই পকেট থেকে উধাও হয়ে গেল সাড়ে আট হাজার টাকা! শেষে ওই তরুণীর রহস্যময় হাসি আর ক্যাফে কর্মীদের হুমকির মুখে পড়ে সর্বস্বান্ত হতে হলো ওই যুবককে। নিজের এই তিক্ত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে সতর্ক করেছেন ভুক্তভোগী তরুণ।
এক কাপ কফি ও হুক্কার বিল ৮,৫০০ টাকা!
ঘটনাটি ঘটেছে কলকাতার রানীকুঠি এলাকার ‘কপল ক্যাফে জোন’ (Couple Cafe Zone)-এ। ভুক্তভোগী যুবক জানান, বম্বল অ্যাপে এক তরুণীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। বেশ কিছুদিন চ্যাটিংয়ের পর দু’জনে দেখা করার সিদ্ধান্ত নেন। তরুণীর কথামতোই তিনি রানীকুঠির ওই ক্যাফেতে পৌঁছান। প্রথমার্ধে সবকিছু স্বাভাবিকই ছিল। দু’জনে মিলে কফি এবং হুক্কার অর্ডার দেন, চলেও গল্পগাছা। কিন্তু গোলমাল বাঁধল ডেট শেষে বিল আসতেই। মাত্র দুটো কফি আর একটা হুক্কার বিল দেখে যুবকের চোখ চড়কগাছ! বিলের অঙ্ক ছিল ঠিক ৮,৫০০ টাকা।
তরুণীর ‘রহস্যময় হাসি’ ও চম্পট:
যুবকের দাবি, তিনি কোনও মহার্ঘ্য জিনিস অর্ডার করেননি। বিলে কারচুপি হয়েছে বুঝতে পেরে তিনি যখন প্রতিবাদ করতে যান, তখনই ক্যাফের বাউন্সার ও কর্মীরা তাঁকে ঘিরে ধরে হুমকি দিতে শুরু করে। সম্পূর্ণ টাকা না দিলে ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। নিরুপায় হয়ে সাহায্যের আশায় যখন পাশে বসা তরুণীর দিকে তাকান, তখন আসল ধাক্কাটি খান যুবক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (টুইটার) যুবকটি লিখেছেন, “বিল আসতেই মেয়েটি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত রহস্যময় হাসি দিল। তারপর কোনও কিছু না বলেই সোজা দরজা খুলে বাইরে চলে গেল।” এরপর একা ক্যাফে কর্মীদের খপ্পরে পড়ে বাধ্য হয়েই পুরো টাকা মেটাতে হয় ওই যুবককে। প্রতারিত হয়ে ওই তরুণীর বম্বল প্রোফাইল এবং ক্যাফের বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তোলপাড়:
এই পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ একে ‘অর্গানাইজড ক্রাইম’ বা সুপরিকল্পিত প্রতারণা চক্র বলে আখ্যা দিয়েছেন। ক্যাফে এবং ডেটিং অ্যাপের তরুণীরা মিলেমিশে এই ফাঁদ পাতছে বলে অভিযোগ অনেকের।
এক ইউজার মজা করে লিখেছেন, “আমাদের ভাই একটা কফি খেয়ে ৮,৫০০ টাকার সাবস্ক্রিপশন নিয়ে নিল! এটা তো বম্বল প্রিমিয়ামের থেকেও দামী গুরু!” অন্য এক ইউজার আবার লিখেছেন, “কলকাতায় বম্বল ডেটে যাওয়ার জন্য খুব উৎসাহিত ছিলাম, এই পোস্ট দেখার পর মায়াই উঠে গেল। সব ডেটিং অ্যাপ ডিলিট করে দিলাম।” সব মিলিয়ে, ভালোবাসার খোঁজে বেরিয়ে খাস কলকাতায় যেভাবে যুবকের পকেট সাফ হলো, তা নিয়ে এখন নেটপাড়ায় জোর চর্চা চলছে।