তথ্য ফাঁসের অভিযোগে সিআইডি-র বিরুদ্ধে সোজা আদালতে যাচ্ছেন অভিষেক! শান্ত সুরে সংবাদমাধ্যমকেও কড়া হুঁশিয়ারি

ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া এবং দিল্লির রুদ্ধদ্বার বৈঠকের ভুয়ো প্রচারের বিরুদ্ধে এবার আইনি রাস্তায় হাঁটার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্য বারের মতো আক্রমণাত্মক ভঙ্গিতে নয়, এবার অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় সুরে সিআইডি (CID) এবং সংবাদমাধ্যম উভয়পক্ষকেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সিআইডি-র বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি

বৃহস্পতিবার ভবানী ভবনে সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, সেই সংক্রান্ত প্রশ্নোত্তর যেভাবে সংবাদমাধ্যমে চলে এসেছে, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর অভিযোগ, তদন্তকারী সংস্থার ভেতর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সমস্ত তথ্য বাইরে পাচার করা হয়েছে। তদন্তের গোপনীয়তা ভঙ্গের এই গুরুতর অভিযোগে তিনি সিআইডি-র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।

রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ

সিআইডি-র পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশকেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তাঁর একটি একান্ত বৈঠক হয়েছিল। অভিষেকের দাবি, সম্পূর্ণ রুদ্ধদ্বার ও অত্যন্ত গোপন সেই বৈঠকে তাঁদের মধ্যে ঠিক কী কী আলোচনা হয়েছে, তা বাইরের কোনও ব্যক্তির পক্ষে জানা একেবারেই আসাম্ভব। তা সত্ত্বেও সংবাদমাধ্যমগুলি মনগড়া ও কাল্পনিক তথ্য সাজিয়ে তা নিয়ে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে।

বিনা তথ্যে এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত খবর পরিবেশন বন্ধ না হলে আগামী দিনে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা এবং আদালতের শরণাপন্ন হওয়ার সাফ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *