মোদীর ডাকে সাড়া! বিয়েতে নতুন সোনা না কিনে মায়ের পুরোনো মঙ্গলসূত্রেই বউ আনছেন যুবক

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মাত্র আহ্বানে অনুপ্রাণিত হয়ে নিজেদের বিয়েতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের এক পরিবার। হবু স্ত্রীর জন্য নতুন মঙ্গলসূত্র কেনার বদলে মায়ের পুরোনো গয়না পালিশ করেই তা নতুন বউয়ের গলায় তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক যুবক। আর এই ‘আজব’ অথচ কুর্নিশ জানানোর মতো সিদ্ধান্তের জেরে এই মুহূর্তে নেটপাড়ায় তুমুল চর্চায় চৌবে পরিবার।
ঘটনাটি মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার। সেখানকার বাসিন্দা সতীশ গৌরীশঙ্কর চৌবের ছেলে যশ চৌবের বিয়ে আগামী ১ জুলাই। বিয়ের কেনাকাটা ধুমধাম করে চললেও আটকে ছিল মঙ্গলসূত্র কেনার বিষয়টি। ঠিক তখনই যশের মা, সীমা চৌবে এক অভাবনীয় প্রস্তাব দেন। তিনি বলেন, দেশের স্বার্থে নতুন সোনা না কিনে তাঁর নিজের মঙ্গলসূত্রটিই পালিশ করে হবু পুত্রবধূকে উপহার দেওয়া হোক। মায়ের এই প্রস্তাবে এক পায়ে রাজি হয়ে যান ছেলেও।
কেন এমন সিদ্ধান্ত?
আসলে গত ১০ মে হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে একটি বিশেষ অনুরোধ করেছিলেন। দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তিনি জনগণকে আগামী এক বছরের জন্য সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ স্থগিত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসা উচিত।
প্রধানমন্ত্রীর সেই বার্তায় অনুপ্রাণিত হয়েই চৌবে পরিবার বিয়েতে নতুন সোনা না কেনার এই কঠোর সিদ্ধান্ত নেয়। এখানেই শেষ নয়, মোদীর ডাকে সাড়া দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানিয়ে সতীশ চৌবে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও লিখেছেন। তিনি চিঠিতে জানান, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের স্বার্থে এই ধরণের ছোট ছোট পদক্ষেপ নেওয়া তাঁদের কর্তব্য।
ইতিমধ্যেই এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে দম্পতিকে আশীর্বাদ করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণপত্রও পাঠিয়েছে পরিবারটি। বিয়ের সমস্ত নিয়মকানুন ও জাঁকজমক বজায় থাকলেও, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার এই ইতিবাচক দৃষ্টান্ত এখন প্রশংসা কুড়োচ্ছে সমাজমাধ্যমে।