তীব্র আর্থিক অনটনে বিবিসি! এক লপ্তে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে সংবাদ সংস্থা

তীব্র আর্থিক অনটনে বিবিসি! এক লপ্তে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে সংবাদ সংস্থা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশ্বজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধি এবং ডিজিটাল দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর দাপট— সব মিলিয়ে এক অভূতপূর্ব আর্থিক সংকটের মুখোমুখি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। এই পরিস্থিতি সামাল দিয়ে টিকে থাকতে এবার এক লপ্তে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের মতো অত্যন্ত কঠিন ও নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে এই আন্তর্জাতিক সংবাদ সংস্থা। যার বড়সড় কোপ পড়তে চলেছে সংস্থার সংবাদ বিভাগের (News Division) শয়ে শয়ে সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর।

এআই যুগের দাপট ও আয়ের তুলনায় বিপুল ব্যয়

ডিজিটাল বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের চরিত্র আমূল বদলে যাচ্ছে। এই প্রতিযোগিতার বাজারে ঐতিহ্যশালী এই সংবাদ সংস্থার আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ লাগাতার বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বজুড়ে ২০ হাজারেরও বেশি কর্মী রয়েছে বিবিসিতে। এই বিপুল ব্যয়ভার সামলাতে এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বাধ্য হয়েই সমস্ত বিভাগে গড়ে ১০ শতাংশ বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় করার এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবেই এই ২,০০০ কর্মীকে ছাঁটাই করার পথ বেছে নেওয়া হয়েছে, যদিও বিবিসির তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

খরচ কমাতে কৃচ্ছ্রসাধন, বার্তা ডিরেক্টর জেনারেলের

এই চরম সংকটজনক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিবিসির ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আর্থিক ভারসাম্য ও স্থায়িত্বের কথা মাথায় রেখেই এই অত্যন্ত কঠিন সিদ্ধান্তগুলি নিতে হচ্ছে। ব্যয় সংকোচন নীতি কার্যকর করতে ইতিমধ্যেই সংস্থায় নতুন কর্মী নিয়োগ সম্পূর্ণ স্থগিত করা হয়েছে এবং কর্মীদের পেশাগত ভ্রমণের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বড় কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন এবং ম্যানেজমেন্ট কনসালট্যান্টদের পিছনে অতিরিক্ত খরচ কমানোর সুনির্দিষ্ট নির্দেশ জারি করেছে বিবিসি কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *