অভিষেককে ১১ ঘণ্টা জেরার পরেই অ্যাকশনে ED! এবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ব্যাঙ্ক ও সম্পত্তির নথি তলব
.jpeg.webp?w=800&resize=800,449&ssl=1)
কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এবার তদন্তের গতি আরও বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সিজিও কমপ্লেক্সে অভিষেককে দীর্ঘ ১১ ঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ হতে না হতেই এবার অভিষেকের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Leaps and Bounds)-এর একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠাল ইডি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি তথ্য (Bank Details) থেকে শুরু করে সংস্থার নামে থাকা লিজ বা ভাড়া দেওয়া সম্পত্তির সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে চান আধিকারিকরা।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত চলা জেরার পর ইডি-র এই পরবর্তী পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানের সূত্র ধরেই এই নথিগুলো তলব করা হয়েছে বলে জানা গেছে। এবার এই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে নিয়োগ দুর্নীতির টাকার উৎস এবং তা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল, সেই রহস্যেরই কিনারা করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।