ধাক্কা খেয়েই চলেছে TMC! আবারো ইস্তফা দিলেন দুই হেভিওয়েট

রাজ্যে একের পর এক ধাক্কা খেয়েই চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার উত্তর থেকে দক্ষিণ—তৃণমূল পরিচালিত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বোর্ডের শীর্ষ জনপ্রতিনিধিদের পদত্যাগের ঘটনা সামনে আসতেই চরম শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং বোলপুর পুরসভা, দুই জায়গাতেই শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাসফুল শিবিরের হেভিওয়েট নেতৃত্ব।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির পদত্যাগ
উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষেত্র শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরুণ ঘোষ। তিনি ইতিমধ্যেই তাঁর ইস্তমাপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকে তাঁর এই পদত্যাগপত্রটি অফিশিয়ালি কার্যকর হতে পারে। তাঁর এই আচমকা সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে দার্জিলিং জেলা ও লাগোয়া এলাকার রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদলের আভাস মিলছে।
বোলপুর পুরসভাতেও পুরপ্রধানের আচমকা ইস্তফা
শিলিগুড়ির ধাক্কা কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের বীরভূমেও বড়সড় সাংগঠনিক ধাক্কা খেল শাসকদল। বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষও তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার বিকেলে বোলপুরের মহকুমাশাসক (SDO) অনিমেষকান্তি মান্নার কার্যালয়ে গিয়ে তিনি সশরীরে নিজের পদত্যাগপত্রটি জমা দেন।
তৃণমূল পরিচালিত এই পুরসভার প্রধান পর্ণা ঘোষের এই পদত্যাগের পেছনে মূলত যে কারণগুলি উঠে এসেছে:
- শারীরিক সমস্যা: বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পুরসভার দৈনন্দিন কাজ পরিচালনায় সমস্যা হচ্ছিল।
- পারিবারিক কারণ: শারীরিক সমস্যার পাশাপাশি কিছু জরুরি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের কথা উল্লেখ করেই তিনি এই দায়িত্ব থেকে সস্মানে অব্যাহতি চেয়েছেন।
একই দিনে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ বোর্ডের শীর্ষ পদের এই ইস্তফার জেরে দলের অন্দরে প্রশাসনিক চাপ ও অস্বস্তি দুই-ই যে বহুগুণ বেড়ে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের।