উদ্ধব শিবিরে চূড়ান্ত ভাঙন! শিন্ডে সেনায় যোগ দিচ্ছেন ৬ ‘বিদ্রোহী’ সাংসদ

মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। এবার তীব্র ভাঙনের মুখে পড়তে চলেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (UBT)। সূত্রের খবর, দলের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে অন্তত ৬ জনই এখন চরম ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ৬ সাংসদ সোজা দিল্লিতে গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে গোপন বৈঠক করে এসেছেন। আর এরপর থেকেই তাঁদের দলত্যাগের জল্পনা কার্যত নিশ্চিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রবিবারই বড় ঘোষণা?
রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, রবিবারই এই দলবদল চূড়ান্ত হতে চলেছে। এদিন মুম্বইয়ে ৬ বিদ্রোহী সাংসদ একসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করতে পারেন। সেখানেই তাঁরা উদ্ধব ঠাকরের বিরুদ্ধে তাঁদের এই ‘বিদ্রোহের’ আসল কারণ সর্বসমক্ষে তুলে ধরবেন।
সূত্রের জোরালো দাবি, উদ্ধবের হাত ছেড়ে এই সাংসদরা সরাসরি মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের আসল শিবসেনা শিবিরেই যোগ দিতে চলেছেন। এই জল্পনা সত্যি হলে, মারাঠা রাজনীতিতে উদ্ধব ঠাকরের জন্য এটি যে একটি বিরাট বড় ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য।