উত্তরবঙ্গে IIT-IIM, যাদবপুরকে ১২০০ কোটি! রাজ্যের নয়া শিক্ষা বাজেটে মেগা চমক
June 22, 20267:11 pm

কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটেই শিক্ষা ক্ষেত্রে কল্পতরু রাজ্য। উত্তরবঙ্গে আইআইটি (IIT) ও আইআইএম (IIM) গড়ার ঐতিহাসিক প্রস্তাব থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বিপুল আর্থিক প্যাকেজ— রাজ্যের নয়া শিক্ষা বাজেটে বড়সড় চমক দিল সরকার। পরিকাঠামো উন্নয়ন, বিনামূল্যে কোচিং এবং নারী শিক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে।
এক নজরে দেখে নিন শিক্ষা বাজেটের মেগা ঘোষণাগুলি:
মেগা প্রজেক্ট ও বিপুল বরাদ্দ:
- উত্তরবঙ্গে IIT ও IIM: কেন্দ্রীয় সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটি করে আইআইটি (IIT) এবং আইআইএম (IIM) স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।
- যাদবপুরকে ‘ইনস্টিটিউট অফ এক্সিলেন্স’: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে তুলতে আগামী পাঁচ বছরে কেন্দ্রের তরফে ১,০০০ কোটি এবং রাজ্যের তরফে ২০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
- পিএম-শ্রী (PM-SHRI) প্রকল্প: বাছাই করা স্কুলগুলির পরিকাঠামো ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উন্নয়নে ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- অটল টিঙ্কারিং ল্যাব: রাজ্যের ১০০০টি স্কুলে রোবোটিক্স ও কোডিং শেখাতে ২০০ কোটি টাকা ব্যয়ে ল্যাব তৈরি হবে।
- নতুন স্কুল: দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে নবোদয় বিদ্যালয় এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় গড়ার জন্য জমি দেবে রাজ্য।
নারী শিক্ষায় বিশেষ জোর:
- কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় নতুন মহিলা কলেজ তৈরি হবে।
- ছাত্রীদের জন্য প্রতিটি জেলায় পিপিপি (PPP) মডেলে হস্টেল এবং রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে।
বিনামূল্যে কোচিং ও স্কলারশিপ:
- ফ্রি কোচিং: IIT, JEE, NEET, CAT এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি জেলায় বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে।
- মেগা স্কলারশিপ: বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে (QS World Ranking) এবং জাতীয় স্তরের নামীদামি প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে সুযোগ পেলে টিউশন ফি এবং স্বাস্থ্য বিমার খরচের জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ দেওয়া হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা:
- রাজ্যের ১৩টি সরকারি মেডিক্যাল কলেজে ৬৫০টি এমবিবিএস (MBBS) এবং ৪৫০টির বেশি পিজি (PG) আসন বৃদ্ধির প্রস্তাব।
- রাজ্যে একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি বা ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হবে।
- অ্যানিমেশন ও ভিএফএক্স (VFX) কোর্সের জন্য ওয়েবেল অ্যানিমেশন অ্যাকাডেমির আধুনিকীকরণ এবং প্রতি বছর AVGC-XR সেক্টরে ১ লক্ষ পড়ুয়াকে ট্রেনিংয়ের ব্যবস্থা।