এশিয়ান গেমসের দল গঠন নিয়ে বিতর্ক, পরবর্তী শুনানি বুধবার

নয়াদিল্লি: এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান (ঘোড়সওয়ারি) দল গঠন নিয়ে বিতর্ক এবার পৌঁছাল আদালতে। গত এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী এবং দেশের প্রথম অলিম্পিয়ান অনুশ আগরওয়ালাকে কেন মূল দলে না রেখে রিজার্ভে রাখা হলো, তা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্বয়ং তারকা খেলোয়াড়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার।
আদালতে নির্বাচন কমিটিকে ভর্ৎসনা
সোমবার শুনানির সময় ড্রেসাজ ইভেন্টের নির্বাচন কমিটির সদস্য কপিল মোদী হাজির হন। তিনি জানান, ১৯ জুন তাঁরা চূড়ান্ত তালিকা জমা দিয়ে দিয়েছেন। অন্যদিকে অনুশের পক্ষের আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী ২২ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নাম জমা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগে তড়িঘড়ি তালিকা জমা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত। নির্বাচন কমিটিকে ভর্ৎসনা করে আদালত প্রশ্ন তোলে— মামলাটিকে ইচ্ছে করে গুরুত্বহীন করার জন্যই কি ডেটের আগে তড়িঘড়ি নাম জমা দেওয়া হয়েছিল?
আদালতের কড়া বার্তা
দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ানে ভারতের প্রতিনিধিত্ব অবশ্যই হোক, তবে দল নির্বাচনের পদ্ধতি সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে।
আন্তর্জাতিক স্তরে গত এক বছরে দারুণ পারফর্ম করা সত্ত্বেও অনুশকে কেন বাদ পড়তে হলো, তা নিয়ে ক্রীড়ামহলে জোর গুঞ্জন। আইনের প্রতি আস্থা রেখে অনুশের টিম আশা করছে, আগামী বুধবার আদালত তাঁদের পক্ষেই চূড়ান্ত রায় দেবে।