কলকাতা এবার পূর্ণাঙ্গ জেলা! ৫ নতুন জেলা ও ৩ বিমানবন্দরের মেগা ঘোষণা বাজেটে

কলকাতা এবার পূর্ণাঙ্গ জেলা! ৫ নতুন জেলা ও ৩ বিমানবন্দরের মেগা ঘোষণা বাজেটে

কলকাতা: সোমবার বিধানসভায় রাজ্য সরকারের নতুন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেটেই রাজ্যের প্রশাসনিক কাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা করা হলো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্যে একযোগে ৫টি নতুন জেলা গঠনের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এই তালিকায় রয়েছে স্বোদশ রাজ্যের রাজধানী কলকাতাও!

নতুন ৫ জেলা ও প্রশাসনিক রদবদল

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নতুন পাঁচটি জেলা হলো— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এ ছাড়াও কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি করা হবে। শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি এবং জয়গাঁ-সহ বেশ কিছু এলাকাকে নতুন পুরসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতাকে কেন আলাদা জেলা? কাটল বিভ্রান্তি

কলকাতাকে নতুন জেলা ঘোষণার পর অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন যে, কলকাতা তো আগে থেকেই জেলা ছিল, তবে নতুন কী? প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, আগে কলকাতা খাতায়-কলমে জেলা হলেও সেখানে কোনও জেলাশাসক (DM) থাকতেন না। রাজস্ব আদায়ের জন্য কেবল একজন কালেক্টর থাকতেন এবং রাজ্য সরকারের সব দফতর সরাসরি কাজ করত। ফলে সাধারণ মানুষকে সব দরকারে মূল দফতরেই ছুটতে হতো।

এবার অন্যান্য জেলার মতোই কলকাতায় পুরোদস্তুর জেলাশাসক ও স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে কলকাতার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

৩টি নতুন বিমানবন্দর ও কল্যাণীতে ‘গ্রিনফিল্ড’

বাজেটে যোগাযোগ ব্যবস্থায় বড় চমক দিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহে ৩টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে নদিয়ার কল্যাণীর কাছে একটি বিশাল ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরি করা হবে, যার জন্য ১০০০ থেকে ১৫০০ একর জমি চিহ্নিত করবে রাজ্য। এছাড়া কোচবিহার বিমানবন্দর সম্প্রসারণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ এবং কলকাতা ও হাসিমারায় বায়ুসেনাকে জমি দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

১ লক্ষ সরকারি চাকরি ও বিধায়ক তহবিল বৃদ্ধি

কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ঘোষণা করে স্বপন দাশগুপ্ত জানান, রাজ্যে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫০ হাজার পদে অধ্যাপক, শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, বিধায়ক তহবিলের বার্ষিক বরাদ্দ ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *