‘বিরোধীদের মুখ বন্ধ!’ না চাইতেই সব দিল সরকার, প্রথম বাজেটেই মাস্টারস্ট্রোক শুভেন্দুর

কলকাতা: “এই বাজেটের পরে বিরোধীদের আর বলার কিছুই নেই”— রাজ্যের প্রথম বিজেপি সরকারের ঐতিহাসিক বাজেট পেশের পর বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই বিরোধীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় ২০২৬ সালের রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপর অর্থমন্ত্রীকে পাশে বসিয়েই তাঁর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি পূর্বতন তৃণমূল ও বাম সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
নতুন বাজেটে বড় চমক:
সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ থেকে শুরু করে রেলে ও মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণ— এই বাজেটকে ‘ত্রিশক্তি’ বা ‘ত্রিফলা’ বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উত্তরবঙ্গে IIT এবং AIIMS তৈরির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি। বাজেটের কোনও খামতি থাকলে তা আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের বাজেটে পূরণ করার প্রতিশ্রুতিও দেন শুভেন্দু।
বাম-তৃণমূলকে তীব্র কটাক্ষ:
আগের সরকারগুলিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন অর্থমন্ত্রীকে সবটা বুঝতে একটু সময় দিন। আগে একদলকে ৩৪ বছর সময় দিয়েছেন, তারা চিরকুটে নিজেদের লোককে চাকরি দেওয়া আর কারখানায় তালা লাগানো ছাড়া কিছু করেনি। আর একদল গত ১৫ বছর ধরে সাদা খাতায় চাকরি দিয়েছে। এরাই এখন সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছে!”
আশাকর্মী ও বিজেপি কর্মীদের জন্য বড় ঘোষণা:
আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি প্রসঙ্গে শুভেন্দুর বার্তা, “আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে চার হাজার টাকা চাইতে গিয়ে লাঠির বাড়ি খেয়েছিলেন, আর নতুন মুখ্যমন্ত্রীর কাছে না চাইতেই সব পেলেন।” এর পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে যে সমস্ত বিজেপি কর্মী মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাঁদের জন্য বিশেষ ‘সংগ্রামী ভাতা’ চালু করার ঘোষণাও করেন তিনি।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি কর্মীদের জন্য এই বিশেষ ভাতার ঘোষণা আগামী দিনে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিতে পারে।