দালালদের ‘নো এন্ট্রি’! সরাসরি কৃষকদের থেকে ডাল-তৈলবীজ কেনার কড়া নির্দেশ অমিত শাহের
June 24, 202610:08 am

নয়াদিল্লি: কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে দালাল চক্রের অবসান ঘটাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে কৃষকদের উৎপাদিত শস্য, বিশেষ করে ডাল ও তৈলবীজ সরাসরি তাঁদের কাছ থেকেই কেনার জন্য নাফেড (NAFED) এবং এনসিসিএফ (NCCF)-কে কড়া নির্দেশ দিলেন কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহ।
কী জানালেন সমবায়মন্ত্রী?
মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে অমিত শাহ জানান, “চাষিদের থেকে ডাল ও তৈলবীজের প্রতিটি দানা সরাসরি কিনতে হবে। এই ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী বা দালালদের কোনও জায়গা নেই।”
কেন্দ্রের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ও সুবিধা:
- কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি: মাঝে কোনও ফড়ে না থাকায় কৃষকরা সরাসরি সরকারি সংস্থার কাছে ফসল বিক্রি করতে পারবেন। এর ফলে তাঁরা তাঁদের ফসলের সঠিক ও লাভজনক দাম পাবেন।
- দালাল চক্রের অবসান: কৃষকদের আর্থিক বঞ্চনা রুখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- ডাল চাষে উৎসাহ বৃদ্ধি: ফসলের ভালো দাম পেলে কৃষকরা স্বাভাবিকভাবেই ডাল চাষে আরও বেশি করে আগ্রহী হবেন। এতে দেশে ডাল চাষের সামগ্রিক পরিধি বৃদ্ধি পাবে।
- আত্মনির্ভরতার পথে দেশ: কৃষকদের এই ভাবে উৎসাহিত করার ফলে আগামী দিনে ডাল ও তৈলবীজ উৎপাদনে ভারত সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।