উদয়নের পর বিশু ধরের পতন! হাতকড়া পরে আদালতে দিনহাটার দাপুটে তৃণমূল নেতা

উদয়নের পর বিশু ধরের পতন! হাতকড়া পরে আদালতে দিনহাটার দাপুটে তৃণমূল নেতা

দিনহাটা: তৃণমূলের অন্দরে একের পর এক বড় ধাক্কা। উদয়ন গুহের গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের জালে দিনহাটার দাপুটে নেতা তথা উদয়নের ‘ডান হাত’ বলে পরিচিত বিশু ধর। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রেহাই পেলেন না।

কীভাবে ধরা পড়লেন বিশু?

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে পাকড়াও করে। গ্রেপ্তারের পর রীতিমতো কোমরে দড়ি বেঁধে তাঁকে মালদহ জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া তদন্তকারীরা।

আদালতে ট্রানজিট রিমান্ড

শনিবার ধৃত বিশু ধরকে মালদহ আদালতে পেশ করে পুলিশ। সরকারি আইনজীবী দেবজ্যোতি সিন্‌হা জানান, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করে তাঁকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে পাঠিয়েছেন।

উদয়ন গুহের পর বিশু ধরের গ্রেপ্তারের ঘটনায় দিনহাটার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জেলা রাজনীতিতে উদয়নের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার গ্রেপ্তারের প্রভাব আগামী দিনে দলের ওপর কতটা পড়ে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *